তথ্য কমিশন বাংলাদেশকে শক্তিশালী ও কার্যকর করতে ১০০ দিনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোতে এক সপ্তাহব্যাপী আরটিআই (তথ্য অধিকার) মেলার আয়োজন, দীর্ঘদিনের জমে থাকা অভিযোগের শুনানি শুরু এবং সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) তথ্য কমিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধান তথ্য কমিশনার বলেন, ‘এখানে অর্গানোগ্রামে ৭৬ জন মানুষের থাকার কথা। কিন্তু এখন পর্যন্ত আমাদের আসলে ২২ জন কর্মকর্তা-কর্মচারী আছেন। এত ছোট একটি কর্মপরিসর নিয়ে, এত প্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা কাজ শুরু করেছি।’
তিনি বলেন, গত ১৭ বছরে তথ্য কমিশন কাজ করেছে। কিন্তু গণতন্ত্রের চর্চায় উল্লেখযোগ্য কোনো কাজ করতে পারেনি। এর কারণ আপনারা জানেন। সেই জায়গা থেকে এটি আমাদের একটি পদক্ষেপ, যাতে আমরা নিরপেক্ষ ও শক্তভাবে কাজ করতে পারি। এ কারণেই আমরা বসে নেই। সীমিত জনবল দিয়েই কিছু কাজ শুরু করেছি।
১০০ দিনের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের ১০০ দিনের পরিকল্পনায় স্বল্প পরিসরে একটি কাজ শুরু করেছি। এই কমিশনের প্রথম ধারণা হচ্ছে, আমরা মানুষকে জানাতে চাই তথ্য কমিশন কী। প্রথম কাজই হচ্ছে মানুষকে জানানো যে বাংলাদেশে তথ্য কমিশন নামে একটি শক্তিশালী কমিশন আছে, যার দরজা প্রতিটি সাধারণ মানুষের জন্য খোলা।’
তিনি বলেন, ‘এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপনারা জব ফেয়ার ও ক্যারিয়ার ফেয়ারের কথা শুনেছেন। আমরা একটি আরটিআই ফেয়ার করতে যাচ্ছি। ইনশা আল্লাহ, এই মাসের শেষে এক সপ্তাহব্যাপী বাংলাদেশে প্রথমবারের মতো ঢাকাভিত্তিক তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং চারটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আরটিআই মেলার আয়োজন করব। এই মেলায় একজন শিক্ষার্থী জানতে পারবেন, আরটিআইয়ের মাধ্যমে তাঁরা কী কাজ করতে পারেন এবং নিজেদের দাবি-দাওয়াগুলো কীভাবে আইনগতভাবে বাস্তবায়ন করতে পারেন।’
তিনি বলেন, ‘কারণ, বাংলাদেশে গত কয়েক বছরে শিক্ষার্থীদের মধ্যে আমরা যে প্রবণতা দেখছি, তাতে মবের নৈরাজ্য দেখেছি। আমরা সেটিকে মব জাস্টিস বলার চেষ্টা করেছি। অনেকভাবে সেটিকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমি মনে করি, গণতান্ত্রিক চর্চায় এ ধরনের প্রবণতা থাকা উচিত নয়। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের ধারণা দিতে চাই, কীভাবে অধিকারের কথা বলতে হয় এবং কীভাবে ন্যায্য ও আইনগতভাবে অধিকার আদায়ের দাবি জানাতে হয়। এ জন্যই আমরা এক সপ্তাহব্যাপী তথ্য মেলার আয়োজন করতে যাচ্ছি।’
অভিযোগের শুনানি শুরু প্রসঙ্গে প্রধান তথ্য কমিশনার বলেন, ‘এরপর যে কাজটি আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, সেটি আগামী সপ্তাহের ১৬ তারিখ থেকে শুরু হবে। আমাদের অনেক অভিযোগ জমে আছে। গত দুই বছরে ৯১৭টি অভিযোগ জমা পড়েছে। আমরা ১৬ তারিখ থেকে এসব অভিযোগের শুনানি শুরু করছি।’
তিনি আরও বলেন, তথ্য কমিশন প্রতিষ্ঠার পর মানুষের মধ্যে এক ধরনের অধিকারবোধ তৈরি হয়েছে। মানুষ বুঝতে পেরেছে, অভিযোগ জানানোর এবং ন্যায্য অধিকার আদায়ের একটি জায়গা রয়েছে। এ কারণে দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক দিনের মধ্যে নতুন করে প্রায় ২০০টির বেশি অভিযোগ জমা পড়েছে। ‘আমরা ১৮ তারিখ দায়িত্ব গ্রহণ করেছি। আজ পর্যন্ত প্রায় ২০০টির বেশি অভিযোগ জমা পড়েছে। আমরা আসলে এসব কাজ করতে চাই।’
প্রশিক্ষণের উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, ‘তথ্য কমিশনের একটি বড় কাজ হলো প্রশিক্ষণ দেওয়া। আপনারা জানেন, আমরা সময় সময় প্রশিক্ষণের আয়োজন করি। আমরা এ কাজটিও শুরু করতে চাই। সাংবাদিকদের প্রশিক্ষণের আওতায় আনতে চাই। এ মুহূর্তে আমি মনে করি, কনটেন্ট ক্রিয়েটরদেরও প্রশিক্ষণ দেওয়া উচিত। এ জন্য তাঁদেরও প্রশিক্ষণের আমন্ত্রণ জানাব।’
তিনি আরও বলেন, ‘শুধু কনটেন্ট ক্রিয়েটর বা তথ্য নিয়ে কাজ করেন এমন ব্যক্তিরাই নন, রাজনীতিবিদদেরও প্রশিক্ষণের আওতায় আনা হবে। কারণ, কোনো একটি প্রতিবাদের কারণে যেন রাজপথ বন্ধ না হয়। কোনো প্রতিবাদ যেন এমন পরিস্থিতি তৈরি না করে, যেখানে মত গঠনের সুযোগ বাধাগ্রস্ত হয়। বরং প্রতিবাদ যেন ন্যায্য দাবির ভিত্তিতে হয় এবং সরকার ও মন্ত্রণালয়গুলোর কাজকে জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, সেই চেষ্টা আমরা করব।’
১০০ দিনের পরিকল্পনার অংশ হিসেবে আরও বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন প্রধান তথ্য কমিশনার।
জ্যেষ্ঠ প্রতিবেদক 
























