আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো ধরনের অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
রোববার (২৯ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ নির্দেশনা দেন।
আইজিপি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে হবে। এ লক্ষ্যে টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করতে হবে।
পুলিশপ্রধান বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আইজিপি আরও বলেন, তদন্তের গুণগত মান উন্নয়নের মাধ্যমে থানায় রুজু করা মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করতে হবে।
সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের বডিওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেন। তিনি মামলা তদন্ত, বিশেষ করে অপমৃত্যুর মামলা দায়িত্বশীলতার সঙ্গে তদন্তের নির্দেশনা দেন। এ ছাড়া মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা যথাযথভাবে নথিভুক্ত করা এবং তা তামিলের হার বাড়ানোর ওপর জোর দেন।
নিজস্ব প্রতিবেদক 























