এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষা আগামী ১ ডিসেম্বর শুরু হচ্ছে। তবে গোপালগঞ্জ জেলায় এইচএসসি সম্পূরক পরীক্ষা নেওয়ার অনুকূল পরিবেশ না থাকায় পাঁচটি কেন্দ্রের পরীক্ষা পার্শ্ববর্তী মাদারীপুরের রাজৈর উপজেলা এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জ জেলা ঢাকা শিক্ষা বোর্ডের অধীন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।
বোর্ড আরও জানায়, গোপালগঞ্জের পাঁচটি কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য মাদারীপুরের রাজৈর উপজেলা এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে সম্পূরক পরীক্ষা আয়োজন করা হচ্ছে। গোপালগঞ্জ সরকারি কলেজের পরীক্ষার্থীদের মাদারীপুরের সরকারি রাজৈর গোপালগঞ্জ কপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন অ্যান্ড কলেজে পরীক্ষা দিতে হবে। কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজে।
এ ছাড়া কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের পরীক্ষার্থীদের রাজৈর সরকারি কলেজে এবং টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ও মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষার্থীদের মাদারীপুরের শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে।
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অর্থাৎ প্রায় অর্ধেক পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। ১ ডিসেম্বর এ পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর। ফলাফল প্রকাশ হতে পারে ডিসেম্বরের শেষ নাগাদ।
নিজস্ব প্রতিবেদক 























