ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জাতিসংঘ-সমর্থিত শান্তি পরিকল্পনায় সম্মত হলে যুদ্ধ ‘আগামীকালই’ শেষ হতে পারে। তবে তাদের আলোচনার টেবিলে আনতে যত দিন প্রয়োজন, তত দিন সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক চাপ বজায় রাখবে বলে জানিয়েছেন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।
রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইয়েমেন সরকারের অস্থায়ী রাজধানী এডেনকে ঘিরে রিয়াদ একটি ‘রেড লাইন’ এঁকে দিয়েছে। হুথি যোদ্ধারা আঘাত হানার কাছাকাছি অবস্থানে চলে আসায় এই বন্দরনগরী রক্ষায় জোট ‘যা করা প্রয়োজন, তার সবই করবে’ বলে সতর্ক করেছেন তিনি।
হুথিদের সঙ্গে সৌদি জোটের ক্রমবর্ধমান এই সংঘাত বৃহত্তর ইরান যুদ্ধের সবচেয়ে ভয়াবহ যুদ্ধক্ষেত্র হিসেবে আবারও সামনে এসেছে। এতে ইয়েমেনে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। অন্যদিকে, সৌদি আরবের রিয়াদে অফিস ভবনসহ বিভিন্ন স্থাপনায় হামলার মুখে পড়তে হচ্ছে।
বেসামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হুথিদের হামলার পাশাপাশি লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে। ফলে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ওয়ার্ল্ড এক্সপো ২০৩০-এর মতো বড় আন্তর্জাতিক আয়োজন সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সৌদি আরবের প্রচেষ্টা হুমকির মুখে পড়ছে।
চলতি মাসের শুরুর দিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের সঙ্গে হুথিদের যুদ্ধ আগামী বছর পর্যন্ত গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হুথি-নিয়ন্ত্রিত সানা দখলের লড়াইয়ে অগ্রসর হওয়ার যে প্রাথমিক লক্ষ্য সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার নিয়েছিল, হুথিরা তা নস্যাৎ করে দিয়েছে। বর্তমানে নিজেদের অস্থায়ী রাজধানী এডেন রক্ষা এবং তাইজ শহরে হুথিদের আরোপিত অবরোধ গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে ইয়েমেনের সরকার।
মালিকি বলেন, সবচেয়ে ভালো সমাধান হলো রাজনৈতিক সমাধান। কিন্তু লক্ষ্য অর্জনে ইয়েমেন সরকারকে সমর্থন দিতে হবে। জাতিসংঘ-সমর্থিত একটি শান্তি পরিকল্পনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, হুথিরা যদি ইয়েমেন সরকারের সঙ্গে রোডম্যাপে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে যুদ্ধ আগামীকালই শেষ হতে পারে।
তিনি বলেন, তত দিন পর্যন্ত গোষ্ঠীটির ওপর চাপ সৃষ্টি এবং তাদের আচরণ পরিবর্তনে বাধ্য করতে জোট সামরিক শক্তির ওপর নির্ভর করবে। এ জন্য স্থলভাগে ইয়েমেনি বিভিন্ন ইউনিটকে ২৪ ঘণ্টা সার্বক্ষণিক বিমান সহায়তা দেওয়া এবং সৌদি আরবের বিভিন্ন শহরে হুমকি সৃষ্টির ক্ষেত্রে হুথিদের সক্ষমতা ধ্বংস করা হবে।
তিনি বলেন, আমরা থিয়েটার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (টিবিএম) এবং সেগুলোর লঞ্চার, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ইউএভির কিছু যন্ত্রাংশ ভেঙে ফেলা ও ধ্বংস করার লক্ষ্য অর্জন করছি।
যদিও হুথি বিদ্রোহীরা বলেছে, ইয়েমেন সরকারকে প্রশিক্ষণ, অস্ত্র ও অর্থের জোগান দেওয়া এবং আংশিকভাবে রিয়াদে আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে সৌদি আরবকে। পাশাপাশি বিমান ও সমুদ্রবন্দরের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছে গোষ্ঠীটি।
ইরান-সমর্থিত হুথিরা রাজধানী সানা দখল করার পর দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে পুনর্বহালের লক্ষ্যে সৌদি আরব ২০১৫ সালে প্রথম আরব জোটের নেতৃত্বে ইয়েমেনে হস্তক্ষেপ করে। বছরের পর বছর রক্তক্ষয়ী সংঘাতের পর ২০২২ সালের একটি যুদ্ধবিরতি চলতি বছরের শুরুর দিকে পুনরায় লড়াই শুরু হওয়ার আগপর্যন্ত কার্যকর ছিল।
যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর থেকে হুথিরা বাব আল-মান্দেব প্রণালির কাছে লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ অংশ দখল করে রেখেছে এবং পার্বত্য শহর তাইজ ঘিরে রেখেছে। দেশটির এই বিদ্রোহী গোষ্ঠী বর্তমানে এডেন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে। সাম্প্রতিক সময়ে সরকারি বাহিনীর ক্ষয়ক্ষতি সত্ত্বেও যুদ্ধের মোড় ঘোরাতে ইয়েমেনে সৌদি স্থলসেনা মোতায়েনের ধারণা নাকচ করে দিয়েছেন মালিকি।
ইয়েমেনের সরকারি বাহিনীর প্রয়োজনীয় জনবল ও সামরিক সক্ষমতা রয়েছে জানিয়ে মালিকি বলেন, তাদের বাইরে থেকে আরেকটি সেনাবাহিনী আনার প্রয়োজন নেই। চলমান সংঘাতে এ ধরনের কোনো অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল কি না, তা নিশ্চিত না করে তিনি বলেন, সৌদি আরবের ভূখণ্ডে হুথিদের যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে দেশটির দক্ষিণ সীমান্তে সৌদি সৈন্য মোতায়েন করা হয়েছে।
মালিকি বলেন, আমাদের সীমান্তরেখার কাছাকাছি যেকোনো কিছু ধ্বংস করার জন্য সম্ভাব্য সবকিছুই আমরা করব। তিনি আরও বলেন, অভ্যন্তরীণ সমন্বয়সংক্রান্ত সমস্যার সমাধানে ইয়েমেনি সামরিক বাহিনীর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে সৌদি জোট।
জোটের এই মুখপাত্র বলেন, ইয়েমেন সরকার যুদ্ধক্ষেত্রে গত তিন মাসে দুবার কিছু ঘাটতি দেখা দিয়েছিল বলে স্বীকার করেছে। তবে মালিকি আশা প্রকাশ করে বলেছেন, ইয়েমেনি সেনাবাহিনী সবকিছু গুছিয়ে নেবে এবং কৌশলগত কিংবা ছোটখাটো যেসব ভুল হয়েছে, সেগুলো শুধরে নেবে।
সূত্র: রয়টার্স।
আন্তর্জাতিক ডেস্ক 
























