সরকারি ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ ও শীর্ষস্থান দখলের অসুস্থ প্রতিযোগিতায় নেমেছিল বাংলাদেশ কৃষি ব্যাংক। দেশের বৈদেশিক মুদ্রাবাজারে বড় ধরনের কারসাজি, তথ্য গোপন এবং কৃত্রিম ডলার সংকট তৈরির অভিযোগ উঠেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির বিরুদ্ধে। ব্যাংকটির ভল্টে বা নস্ট্রো অ্যাকাউন্টে প্রায় ১১৮ মিলিয়ন মার্কিন ডলার উদ্বৃত্ত (‘লং’ পজিশন) ছিল। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সীমা লঙ্ঘন আড়াল করতে হিসাবের খাতায় কারসাজি করে কৃত্রিমভাবে ১ দশমিক ১৯ মিলিয়ন ডলার ঘাটতি (‘শর্ট’ পজিশন) দেখানো হয়েছে। যা টাকার অঙ্কে ১৪ কোটি ৮৫ লাখ টাকার সমান।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক বিশেষ পরিদর্শন প্রতিবেদনে এই চাঞ্চল্যকর জালিয়াতির তথ্য উঠে এসেছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে দেওয়া চিঠিতে এসব জালিয়াতির তথ্য তুলে ধরা হয়েছে। ভয়াবহ মূলধন ঘাটতিতে ডুবে থাকা ব্যাংকটির এমন গুরুতর অনিয়ম ও ভুল রিপোর্টিংয়ের দায়ে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ট্রেজারি প্রধানের বিরুদ্ধে কেন জরিমানা আরোপ করা হবে না, তা জানতে চেয়ে ব্যাখ্যা তলবের সুপারিশ করেছে পরিদর্শন দল।
এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হয় কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সঞ্চিতা বিনতে আলীর সঙ্গে। তবে তাঁর ব্যক্তিগত নম্বরে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা যায়নি। পরবর্তীতে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এমডির দপ্তরে যোগাযোগ করা হলে জনসংযোগ কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হয়।
পরবর্তীতে প্রধান জনসংযোগ কর্মকর্তা হাবীব-উন-নবীর সঙ্গে কথা বলা হলে তিনি সবকিছু শুনে তথ্যের গ্রহণযোগ্যতা ও বাংলাদেশ ব্যাংকের রিপোর্টিং নিয়ে প্রশ্ন তোলেন। কৃষি ব্যাংকের এমডি সঞ্চিতা বিনতে আলী একটি মিটিংয়ে আছেন বলেও জানান। এছাড়া এমডি কারও সঙ্গে কথা বলেন না এবং তাঁর মোবাইল নম্বর কাউকে দেওয়া নিষেধ আছে বলে জানিয়ে হাবীব-উন-নবী ব্যাংকটির হেড অব ইন্টারন্যাশনাল অ্যান্ড অ্যাকাউন্টস ডিভিশনের জেনারেল ম্যানেজার মুস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বলতে বলেন।
একই বিষয়ে মুস্তাফিজুর রহমানকে প্রশ্ন করা হলে তিনি এসব বিষয়ে জানেন না বলে জানান। কিছু বলতে হলে জেনে তারপর জানাতে হবে জানিয়ে সময় নেন তিনি। এছাড়া তিনি বলেন, প্রায় ৫১টি ব্যাংকের লং পজিশন রয়েছে। শুধু তারাই নন। আর তাছাড়া তাঁদের অনেকগুলো সরকারি এলসির দায় মেটাতে হয়। এতে করে তাঁদের ডলার প্রয়োজন পড়ে।
বেশি দামে রেমিট্যান্স কেনার বিষয়ে তিনি বলেন, ‘এই বিষয়টি আমিও শুনেছি। কিন্তু সঠিকভাবে জানি না।’
সূত্র মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ কৃষি ব্যাংক বাজারদরের চেয়ে বেশি দামে ও অস্বাভাবিক হারে রেমিট্যান্স কিনে তা আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে (ইন্টারব্যাংক বা সোয়াপ ডিলের মাধ্যমে) বিক্রি করে কোনো ফটকা লেনদেন (স্পেকুলেটিভ ডিল) করছে কি না, তা খতিয়ে দেখার উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের একটি দল চলতি বছরের ২২ ও ২৩ জুলাই কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী সরেজমিন বিশেষ পরিদর্শন পরিচালনা করে।
যেভাবে করা হয় হিসাবের কারসাজি ও তথ্য গোপন
ব্যাংকিং নীতিমালা (ব্যাসেল গাইডলাইন ও জিএফইটি) অনুযায়ী, মূলধন ঘাটতিতে থাকা কোনো ব্যাংকের বৈদেশিক মুদ্রা ধারণসীমা বা ওপেন পজিশন লিমিট (ওপিএল) শূন্য হওয়ার কথা। তবে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সচল রাখার বিশেষ বিবেচনায় কৃষি ব্যাংককে ২ দশমিক ২৫ মিলিয়ন বা ২২ লাখ ৫০ হাজার ডলারের ওপিএল সীমা দেওয়া হয়েছিল।
কেন্দ্রীয় ব্যাংকের মার্কেট মনিটরিং পোর্টাল ও নস্ট্রো অ্যাকাউন্টের ব্যালেন্স যাচাই করে পরিদর্শন দল দেখতে পায়, গত ২১ জুলাই কৃষি ব্যাংকের প্রকৃত স্পট পজিশন ছিল ১১৮ দশমিক ৮১ মিলিয়ন বা ১১ কোটি ৮৮ লাখ ১০ হাজার ডলার উদ্বৃত্ত (‘লং’ পজিশন), যা টাকার অঙ্কে ১ হাজার ৪৯০ কোটি টাকা। এই অঙ্ক নির্ধারিত সীমার চেয়ে প্রায় ৫২ গুণ বেশি। নিয়ম অনুযায়ী, সীমার অতিরিক্ত এই ডলার আন্তঃব্যাংক বাজারে বিক্রি করে বাজারে তারল্য বাড়ানোর কথা ছিল।
কিন্তু তা না করে এবং সীমা লঙ্ঘনের বিষয়টি আড়াল করতে ব্যাংকটি অভিনব জালিয়াতির আশ্রয় নেয়। ব্যাংকটি ১২২ দশমিক ৪৩ মিলিয়ন ডলারের অনিষ্পন্ন আমদানি বিল (আনলজড পেমেন্ট) ব্যালান্স শিটের ‘অন্যান্য দায়’ (আদারস লায়াবিলিটিজ) খাতে দেখিয়ে হিসাবভুক্ত করে।
এর ফলে কাগজে-কলমে ব্যাংকটির প্রকৃত ১১৮ মিলিয়ন ডলারের উদ্বৃত্ত অবস্থানটি কৃত্রিমভাবে ঋণাত্মক (-) ১ দশমিক ১৯ মিলিয়ন ডলার ঘাটতিতে রূপ নেয়। প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, এভাবে ভুল তথ্য দিয়ে ব্যাংকটি দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংককে বিভ্রান্ত করছে এবং বাজারে কৃত্রিম ডলার সংকট সৃষ্টি করে রেখেছে।
রেমিট্যান্স অ্যাওয়ার্ডের লোভে চড়া দামে ডলার ক্রয়
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫-২৬ অর্থবছরে ৪ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স সংগ্রহ করে কৃষি ব্যাংক দেশের শীর্ষস্থানীয় রেমিট্যান্স সংগ্রাহক ব্যাংকে পরিণত হয়েছে। মূলত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বার্ষিক ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ পাওয়ার প্রতিযোগিতায় নেমে ব্যাংকটি নিজ প্রয়োজনের অতিরিক্ত রেমিট্যান্স টার্গেট নির্ধারণ করে।
পরিদর্শনকালে (২ থেকে ২২ জুলাই) দেখা যায়, এই সময়ে পুরো ব্যাংকিং খাতে ১ হাজার ৮১০ দশমিক ৬২ মিলিয়ন ডলার রেমিট্যান্স কেনা হয়েছে গড়ে ১২৩ টাকা ৪৯ পয়সা দরে। অথচ একই সময়ে কৃষি ব্যাংক ৩০৬ দশমিক ৮৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স কিনেছে গড়ে ১২৩ টাকা ৫৮ পয়সা দরে, যেখানে সর্বোচ্চ দর দেওয়া হয়েছে ১২৩ টাকা ৭১ পয়সা।
প্রতিবেদনে আরও বলা হয়, কৃষি ব্যাংকের নিজস্ব রপ্তানি আয় অত্যন্ত কম। কিন্তু ব্যাংকটি আদানি, বিপিসি ও এনটিপিসির মতো সরকারি বিদ্যুৎ ও জ্বালানি খাতের বড় আমদানি বিল পরিশোধের দায়িত্ব নেওয়ায় চড়া দামে রেমিট্যান্স কিনতে বাধ্য হচ্ছে। এতে বিদেশি এক্সচেঞ্জ হাউজগুলো ডলারের বিক্রয়মূল্য বাড়িয়ে দেওয়ার সুযোগ পাচ্ছে এবং আমদানিনির্ভর বাংলাদেশের অর্থনীতি সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ভয়াবহ মূলধন সংকট ও আর্থিক ঝুঁকি
কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণে কৃষি ব্যাংকের ভঙ্গুর আর্থিক চিত্রও ফুটে উঠেছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির মোট রেগুলেটরি মূলধন দাঁড়িয়েছে ঋণাত্মক (-) ২৮ হাজার ৬৫৭ কোটি ৩৬ লাখ টাকায় এবং কোর টিয়ার-১ মূলধন ঋণাত্মক (-) ২৯ হাজার ৭৬ কোটি ৩৪ লাখ টাকা। ব্যাংকটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ পৌঁছেছে ৩০ হাজার ৭৫১ কোটি ৪৫ লাখ টাকায়।
এছাড়া ব্যাংকটির মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) দাঁড়িয়েছে ঋণাত্মক (-) ১৩৮ দশমিক ৯৮ শতাংশে, যেখানে ন্যূনতম ১২ দশমিক ৫০ শতাংশ থাকা বাধ্যতামূলক। পর্যাপ্ত ক্যাপিটাল বাফার না থাকা সত্ত্বেও অতিরিক্ত বৈদেশিক মুদ্রা ধারণ করায় ব্যাংকটি বড় ধরনের বিনিময় হারের ঝুঁকিতে পড়েছে।
সার্বিক বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হয় ব্যাংকটির চেয়ারম্যান নুরুল আমিনের সঙ্গে। তিনি ব্যাংকের বোর্ড মিটিংয়ে আছেন বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়। চেয়ারম্যানকে পরবর্তীতে ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
আইন লঙ্ঘন ও পরিদর্শন দলের ৮ দফা সুপারিশ
ভুল রিপোর্টিংয়ের মাধ্যমে ব্যাসেল-৩ কাঠামো অনুযায়ী মার্কেট রিস্কের জন্য প্রয়োজনীয় ‘ঝুঁকি-ভিত্তিক সম্পদ’ (আরডব্লিউএ) ও ক্যাপিটাল চার্জ কম দেখানো হয়েছে, যা ‘রিস্ক বেসড ক্যাপিটাল অ্যাডিকোয়েসি’ (আরবিসিএ) নির্দেশিকার ২.৫ ধারা এবং ‘গাইডলাইনস ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশনস-২০১৮’-এর সুস্পষ্ট লঙ্ঘন।
এই প্রেক্ষিতে পরিদর্শন দল ৮টি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে:
১. জরিমানা ও ব্যাখ্যা তলব: ভুল রিপোর্টিংয়ের দায়ে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (সংশোধিত)-এর ১০৯/২ ধারা অনুযায়ী কৃষি ব্যাংকের এমডি ও ট্রেজারি প্রধানের বিরুদ্ধে কেন জরিমানা আরোপ করা হবে না, তা জানতে চেয়ে ব্যাখ্যা তলব করা।
২. সঠিক রিপোর্টিং: অনিষ্পন্ন আমদানি বিলের দায় যথাযথভাবে সমন্বয় করে নস্ট্রো ব্যালেন্স ও প্রকৃত পজিশন কেন্দ্রীয় ব্যাংকে রিপোর্ট করা।
৩. ঝুঁকি পরিমাপ পদ্ধতি চালু: ফরেন এক্সচেঞ্জ রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইনস, ২০২৪ অনুযায়ী ফরেক্স পোর্টফোলিওর স্ট্রেস টেস্ট পরিমাপে অবিলম্বে ‘ভ্যালু অ্যাট রিস্ক’ (ভিএআর) পদ্ধতি চালু করা।
৪. মূলধন ঘাটতি পূরণের রোডম্যাপ: ব্যাসেল-৩ অনুযায়ী মূলধন ঘাটতি পূরণে একটি নির্দিষ্ট সময়ভিত্তিক প্রাতিষ্ঠানিক কৌশল প্রণয়ন করা।
৫. কর্মসম্পাদন চুক্তি: ঋণাত্মক মূলধনধারী ব্যাংকগুলোকে বিশেষ বিবেচনায় দেওয়া ওপিএল সীমা বজায় রাখতে লিখিতভাবে সতর্ক করা এবং তাদের সক্ষমতা বাড়াতে কর্মসম্পাদন চুক্তির (এমওইউ) আওতায় আনা।
৬. মার্কেট ওয়ার বন্ধ ও তারল্য বৃদ্ধি: বাজারের গড় হারের চেয়ে চড়া দামে রেমিট্যান্স কেনা (মার্কেট ওয়ার) বন্ধ করা, নিজস্ব রপ্তানি গ্রাহকদের মাধ্যমে ডলারের প্রবাহ বাড়ানো এবং আন্তঃব্যাংক লেনদেনের মাধ্যমে বাজারে তারল্য বাড়ানো। এছাড়া বৈদেশিক মুদ্রাবাজার সার্বিকভাবে মনিটরিংয়ের জন্য ‘এফএক্স মার্কেট মনিটরিং’ নামে একটি আলাদা শাখা গঠন করা।
৭. রেমিট্যান্স অ্যাওয়ার্ড স্থগিতের প্রস্তাব: ব্যাংকগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা রোধে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ব্যাংকগুলোকে দেওয়া বার্ষিক ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ আপাতত স্থগিত রাখার অনুরোধ জানানো। এর পরিবর্তে প্রবাসীদের উৎসাহিত করতে ব্যক্তি পর্যায়ে (যেমন- নতুন ওয়েজ আর্নার, নারী ওয়েজ আর্নার) সম্মাননার পরিধি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রবাসী কল্যাণ ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা তথ্যটি সত্য বলে স্বীকার করেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘আমরা প্রতিবছর একটি অ্যাওয়ার্ড দেই। যারা রেমিট্যান্স আহরণ এবং বেশি রেমিট্যান্স পাঠায় তাদের সম্মাননা দেওয়া হয়। এবার বাংলাদেশ কৃষি ব্যাংক অ্যাওয়ার্ড পাওয়ার তালিকায় ছিল। বাংলাদেশ ব্যাংকের সুপারিশের পর এখন নীতিনির্ধারকরা সিদ্ধান্ত নেবেন।’
৮. বিদেশি এক্সচেঞ্জ হাউজ নিবন্ধন: রেমিট্যান্স প্রেরকদের কাছ থেকে ফি নেওয়ার পরও কিছু বিদেশি এক্সচেঞ্জ হাউজ ও এগ্রিগেটর ব্যাংকগুলোর সঙ্গে দরকষাকষি করে ডলারের দাম বাড়িয়ে ‘এক্সচেঞ্জ গেইন’ বা বাড়তি মুনাফা করছে।
বাংলাদেশে নিবন্ধিত না থাকায় এদের আয়ের ওপর কর আদায় করা যাচ্ছে না। তাই বহুজাতিক এক্সচেঞ্জ হাউজগুলোকে নিবন্ধনের আওতায় আনতে বাংলাদেশে কান্ট্রি অফিস খোলার উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের দেওয়া সুপারিশ বিষয়ে জানতে কথা বলা হয় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসাইন খানের সঙ্গে। তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক বাজারের ওপর ডলারের দাম ছেড়ে দিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে, আমরা নজরে রাখব না। এরকমই একটি কারসাজি ধরা পড়েছে কৃষি ব্যাংকের পরিদর্শনে। হঠাৎ করে কৃষি ব্যাংক রেমিট্যান্স আহরণে শীর্ষ পর্যায়ে চলে এলো। কিন্তু কীভাবে? এটি নিয়েই বাংলাদেশ ব্যাংক একটি তদন্ত করে। সেখানে দেখা যায়, তারা রেমিট্যান্স বেশি দামে কিনছে। এর বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক একটি সুপারিশ করেছে মন্ত্রণালয়কে। দেখা যাক, মন্ত্রণালয় এখন কী ব্যবস্থা নেয়।’
নিজস্ব প্রতিবেদক 
























