গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঐতিহ্যবাহী সংরক্ষিত বনাঞ্চল ও শালবন রক্ষায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চন্দ্রা রেঞ্জের অধীনস্থ চন্দ্রা বিট অফিস ও চেকপোস্টকে ঘিরে একটি শক্তিশালী অনিয়ম ও দুর্নীতির সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বন বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে বনের মূল্যবান গাছ পাচার, সরকারি জমি জবরদখল, অনুমোদনহীন করাতকল (সিলমিল) পরিচালনা এবং অর্থের বিনিময়ে অবৈধ সুবিধা দেওয়ার নানা অভিযোগ সামনে এসেছে। এর পাশাপাশি এসব অনিয়মের খবর সংবাদমাধ্যমে প্রকাশ না করতে স্থানীয় কিছু কথিত ও ভুয়া সাংবাদিককে নিয়মিত মাসোহারা দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগও উঠেছে।
বনের গাছ নিধন, পাচার ও অবৈধ করাতকলের দৌরাত্ম্য: অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চন্দ্রা বিটের আওতাধীন বিভিন্ন বনাঞ্চল থেকে রাতের আঁধারে শতবর্ষী গজারি ও শালসহ মূল্যবান গাছ কেটে ফেলা হচ্ছে। কাটা গাছগুলো বনের ঠিক পাশেই গড়ে ওঠা অবৈধ করাতকলে নিয়ে দ্রুত চিরাই বা কাঠ বানিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। স্থানীয় কাঠ ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, অর্থের বিনিময়ে বনের ভেতর গাছ কাটার অলিখিত অনুমতি মেলে এবং প্রতি রাতেই ট্রাকভর্তি কাঠ বের হয়ে যায়। বনের ভেতর দিয়ে অবৈধভাবে রাস্তা তৈরি করার পাশাপাশি সামাজিক বনায়ন বা উডলট বাগানের সরকারি জমি দখল করে বাড়িঘর, বাণিজ্যিক স্থাপনা কিংবা প্লট আকারে বিক্রির ঘটনাও ঘটছে। মাঝেমধ্যে লোক দেখানো উচ্ছেদ অভিযান বা দু-একটি গাছ জব্দ করা হলেও মূল হোতাদের বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা নেওয়ার হার অত্যন্ত নগণ্য বলে ভুক্তভোগীদের দাবি। অতীতে কালিয়াকৈর বন বিভাগের রেঞ্জ অফিস থেকে আগ্নেয়াস্ত্র লুটের মতো ঘটনাও এই অঞ্চলের নিরাপত্তা ও প্রশাসনিক দুর্বলতার দিকটি সামনে এনেছে।
চন্দ্রা চেকপোস্টে লেনদেন ও দায়িত্ব অবহেলার অভিযোগ: ঢাকা-টাঙ্গাইল ও গাজীপুর মহাসড়কের সংযোগস্থলে অবস্থিত চন্দ্রা চেকপোস্ট বনজ সম্পদ পাহারা ও অবৈধ পরিবহন ঠেকানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সেখানে দায়িত্ব অবহেলা ও অনৈতিক লেনদেনের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, রাতের আঁধারে বা দিনের বেলায় গাছ ও কাঠ পাচারের সময় চেকপোস্টে দায়িত্বরতদের কার্যকর তৎপরতা দেখা যায় না; বরং পাচারকারী চক্রের গাড়ি নির্বিঘ্নে পার করে দিতে গাড়িপ্রতি নির্দিষ্ট হারে অর্থ নেওয়া হয়। টাকা দিলে সবকিছু বৈধ হয়ে যায়, আর না দিলে হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। বন বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, চেকপোস্টের তদারকি ও লেনদেন কোনো একক ব্যক্তির ইচ্ছায় নয়, বরং ওপর থেকে নিচ পর্যন্ত বিস্তৃত একটি অলিখিত সমন্বয়ে পরিচালিত হয়, যেখানে নিচের স্তরের কর্মীরা কেবল নির্দেশ পালন করেন। আরেকজন কর্মচারীর দাবি, গাছ কাটা ও বাইরে বিক্রির পুরো প্রক্রিয়াটি মূলত বিট কর্মকর্তাকে দিয়েই করানো হয় এবং এই অবৈধ আয়ের ভাগ নিচ থেকে ওপর পর্যন্ত সবাই পায়।
ভুয়া সাংবাদিকদের মাসোহারা ও তথ্য গোপনের কৌশল: বিট অফিস ও চেকপোস্টের অনিয়মের তথ্য যাতে সংবাদমাধ্যমে প্রকাশ না পায়, সেজন্য স্থানীয় কিছু নামধারী ও ভুয়া সাংবাদিককে নিয়মিত মোটা অঙ্কের টাকা বা মাসোহারা দিয়ে ম্যানেজ করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে বন কর্মচারী কার্তিক এবং নুর ইসলামের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি মাসে অনিয়ম ধামাচাপা দিতে একটি নির্দিষ্ট বাজেট রাখা হয় এবং মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে একটি নির্দিষ্ট তালিকায় থাকা প্রায় ১৫ থেকে ২০ জন কথিত সাংবাদিকের কাছে অবৈধ আয়ের একটি বড় অংশ পৌঁছে যায়। স্থানীয় কয়েকটি আন্ডারগ্রাউন্ড পত্রিকা, অনলাইন পোর্টাল ও ভুয়া টিভির পরিচয়পত্রধারী ব্যক্তিরা এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় এক বাসিন্দার বর্ণনা অনুযায়ী, প্রতিদিনই মোটরসাইকেলে করে কিছু কথিত সাংবাদিক বিট অফিসের আশপাশে আসেন, অনিয়মের ছবি বা ভিডিও ধারণ করার পর কর্মকর্তাদের কক্ষে গিয়ে বসেন এবং বন্ধ খামে টাকা নিয়ে বেরিয়ে যান। ফলে বড় ধরনের অনিয়মের খবর গণমাধ্যমে আসে না, আবার কোনো প্রকৃত সংবাদকর্মী তথ্য সংগ্রহে গেলে দালাল চক্র সক্রিয় হয়ে ওঠে। তবে আইনি জটিলতা এবং অফিশিয়াল যাচাই-বাছাই সম্পন্ন না হওয়ায় এই কথিত সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুনির্দিষ্ট নাম প্রতিবেদনে প্রকাশ করা সম্ভব হয়নি।
অভিযুক্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য: সাংবাদিকদের টাকা দিয়ে ম্যানেজ করার অভিযোগ অস্বীকার করে চন্দ্রা বিট অফিস ও চেকপোস্টের কর্মচারী কার্তিক জানান, তারা কোনো সাংবাদিককে টাকা দেন না এবং সরাসরি সাক্ষাতের জন্য প্রতিবেদক রেজাউলকে অফিসে আসার আহ্বান জানান। অপর কর্মচারী নুর ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
চন্দ্রা বিট অফিস ও চেকপোস্টের দায়িত্বরত কর্মকর্তা (ফরেস্টার) আব্দুল আহাদ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নতুন দায়িত্ব নিয়েছেন এবং তার জানামতে সেখানে কোনো অবৈধ লেনদেন বা সাংবাদিকদের টাকা দিয়ে ম্যানেজ করার ঘটনা ঘটে না; বন রক্ষায় তারা সচেষ্ট রয়েছেন। তবে ভিন্ন প্রসঙ্গে তিনি জানান, তিনি নতুন হওয়ায় এ বিষয়ে বা প্রতিবেদকের সঙ্গে কী ঘটেছে তা জানেন না, কিন্তু তার দায়িত্বে থাকা অবস্থায় বিট অফিস বা চেকপোস্টের বিরুদ্ধে কোনো প্রতিবেদন প্রকাশিত হলে তা লজ্জার বিষয় হবে এবং এ নিয়ে আর কিছু না করে তার সঙ্গে দেখা করার কথা বলেন।
বক্তব্য জানার জন্য ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল আল মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে, চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন রেঞ্জ কর্মকর্তা জানান, বনের সম্পদ রক্ষায় তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন এবং গাছ পাহারা না দিয়ে অর্থ লেনদেন বা ম্যানেজের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন জানান, সরকারি সংরক্ষিত বনাঞ্চল রক্ষা করা সবার দায়িত্ব এবং বনের জমি দখল বা অবৈধভাবে গাছ কাটার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না; স্থানীয় বন বিভাগের কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ মিললে তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা বন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারাও জানান, অভিযোগটি তাদের নজরে এসেছে, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্তে কারো সংশ্লিষ্টতা প্রমাণিত হলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
স্থানীয় সচেতন মহল ও নাগরিকদের মতে, কেবল লোক দেখানো অভিযান বা আশ্বাসে বনের সম্পদ রক্ষা সম্ভব নয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা যদি চন্দ্রা বিট অফিস ও চেকপোস্টের আর্থিক লেনদেন, ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল রেকর্ড এবং স্থানীয় সিন্ডিকেটের কল রেকর্ড খতিয়ে দেখেন, তবে অর্থের বিনিময়ে সাংবাদিকদের ম্যানেজ করার প্রমাণসহ নেপথ্যের অসাধু কর্মকর্তা ও কথিত সাংবাদিকদের আসল পরিচয় উন্মোচিত হতে পারে। গাজীপুরের ঐতিহ্যবাহী শালবন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় চেকপোস্ট ও বিট অফিসের কার্যক্রমে স্বচ্ছতা আনা, নিয়মিত ঊর্ধ্বতন তদারকি জোরদার করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
নিজস্ব প্রতিবেদক 
























