দক্ষিণ কোরিয়ার সিওংনাম শহরের একটি সড়কে ট্রাফিক সিগন্যালের কারণে থেমে থাকা ৩২টি যানবাহনে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে ৫৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত আটজনের অবস্থা গুরুতর।
আজ বুধবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, বাসটি ছিল একটি সিটি বাস এবং এর চালকের বয়স ৬০ বছর। বুধবার বাসটি সড়কের ট্রাফিক সিগন্যালে অপেক্ষমাণ চারটি বাস, একটি ট্রাক এবং ২৭টি যাত্রীবাহী গাড়িতে ধাক্কা দেয়। পরে একটি ট্রাফিক ব্যারিয়ারে আঘাত লেগে বাসটি থামে।
সিওংনাম পুলিশ আরও জানিয়েছে, বাসচালককে ইতোমধ্যে পরীক্ষা করা হয়েছে। তাঁর শরীরে অ্যালকোহল বা অন্য কোনো নেশাজাতীয় পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জানিয়েছেন, বাসটির ব্রেক কাজ করছিল না।
আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম কেবিএস জানিয়েছে, বাসচালক নিজেও আহত হয়েছেন। বাস থেকে উদ্ধার করে তাঁকেও হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রায় ৯ লাখ জনসংখ্যা অধ্যুষিত সিওংনাম শহরটি রাজধানী সিউলের ঠিক দক্ষিণে অবস্থিত। যানজটের ব্যস্ত সময়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের বহু কর্মী ও যানবাহন মোতায়েন করা হয়েছে। সেখানে একটি জরুরি চিকিৎসাকেন্দ্রও স্থাপন করা হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সিওংনাম পুলিশ।
আন্তর্জাতিক ডেস্ক 
























