ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাকরি লাভ, খাদ্যশস্য সংগ্রহের প্রক্রিয়ায় জালিয়াতি, সরকারি তহবিল তছরুপ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের গুরুতর অভিযোগে খাদ্য অধিদপ্তরে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মাদারীপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলম। সরকারি দায়িত্বে বহাল থেকে ইচ্ছেকৃত ও উদ্দেশ্যপ্রণোদিত অনিয়ম, বদলি বাণিজ্য এবং বেপরোয়া ঘুষ সংগ্রহের মাধ্যমে তিনি কর্মজীবনের বিভিন্ন ধাপে একের পর এক দুর্নীতি চালিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে। নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকা ও গোপালগঞ্জে তাঁর একাধিক প্লট, বিলাশবহুল ফ্ল্যাট, অর্ধশত বিঘা জমি এবং বিপুল ব্যয়ে নির্মিত ডুপ্লেক্স বাড়ির সন্ধান মিলেছে। পরিবার ও আত্মীয়স্বজনের নামে বেনামে এসব সহায়-সম্পদ গড়ে তোলার অভিযোগে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন তাঁর স্ত্রী, সন্তান, শ্বশুর-শাশুড়ি এবং অন্যান্য নিকটাত্মীয়ের সম্পদের হিসাব চেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে চিঠি প্রেরণ করেছে।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এবং দলীয় পরিচয়কে পুঁজি করে বিভিন্ন সরকারি দপ্তরে একচেটিয়া প্রভাব বিস্তারের সুযোগ নিয়েছিলেন অনেকে। ওই রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের সুবাদে প্রশাসনিক নিয়োগ, পদায়ন এবং বদলিতে বিশেষ সুবিধা ভোগ করে অনেকেই নামে-বেনামে অফুরন্ত সম্পদের পাহাড় গড়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তৎকালীন সরকারের পতনের পর প্রশাসনিক দুর্নীতির চিত্রগুলো উন্মোচিত হতে শুরু করে। অনেক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি উঠলেও কেউ কেউ রাজনৈতিক পরিচয় বদলে নব্য পরিচয়ে আগের মতো প্রশাসনিক সুযোগ-সুবিধা বহাল রেখেছেন। সেই বিতর্কিত ও সুবিধাভোগী কর্মকর্তাদের তালিকার সামনের সারিতেই জোরালোভাবে উচ্চারিত হচ্ছে মাদারীপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের নাম। প্রাপ্ত তথ্য অনুসারে, গোপালগঞ্জ সদর উপজেলার টুঙ্গিপাড়া থানার শ্রীরামকান্দি গ্রামের সন্তান শেখ আবুল হোসেন ও কুলসুম বেগমের এই পুত্র বিগত দিনে নিজের আঞ্চলিক ও রাজনৈতিক পরিচয়ের জোরে প্রশাসনের নানা স্তরে অবৈধ সুবিধা হাসিল করেছেন।
খাদ্য অধিদপ্তরে শেখ জিকরুল আলমের কর্মজীবন শুরু হয়েছিল ২০১৩ সালে খাদ্য পরিদর্শক পদে বিতর্কিত নিয়োগের মধ্য দিয়ে। সে সময় ওই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠায় পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন প্রায় অর্ধশত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। রাজনৈতিক প্রভাব ও নিজ জেলার আশীর্বাদকে কাজে লাগিয়ে তিনি প্রথমে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পোস্টিং বাগিয়ে নেন এবং সেখানেও তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম ও বিতর্ক দানা বাঁধতে শুরু করে। পরবর্তীতে ফরিদপুর সদরে বদলি হলেও তাঁর দুর্নীতি থামেনি; বরং ঘুষ বাণিজ্য ও অনিয়মের পরিধি উল্কার গতিতে প্রসারিত হতে থাকে। গোপালগঞ্জের ক্ষমতার বলয়কে ব্যবহার করে তিনি প্রতিটি কর্মস্থলেই ঘুষ বাণিজ্য ও দুর্নীতির স্থায়ী ক্ষেত্র প্রস্তুত করেছিলেন।
খাদ্য পরিদর্শক হিসেবে কোটালীপাড়া, ফরিদপুর সদর, বাগেরহাটের মোল্লাহাট এবং ঢাকায় দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে অপরাধের পরিধি আরও বিস্তৃত হয়। বিশেষ করে ঢাকায় এরিয়া রেশনিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে ঘুষ বাণিজ্য ও কালোবাজারির সর্বোচ্চ অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সরকারি খাদ্যগুদামে ধান, চাল ও গম সংগ্রহের সময় ওজনে কারচুপি করা, ভালো মানের খাদ্যশস্যের পরিবর্তে উৎকোচের বিনিময়ে নিম্নমানের খাদ্য সংগ্রহ করা এবং মিল মালিকদের সঙ্গে গোপন জোটে সরকারি বরাদ্দ ছাড় করার মতো গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়া সরকারি খাদ্যশস্যের বরাদ্দ ও সরবরাহ সংক্রান্ত কার্যক্রমে অনিয়ম এবং ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে বিশাল অঙ্কের অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে। স্থানীয় মিল মালিকদের অভিযোগ, চাহিদা অনুযায়ী অবৈধ অর্থ না দিলে তাদেরকে আইনি জটিলতা বা লাইসেন্স বাতিলের হুমকি দিয়ে নানা উপায়ে জিম্মি ও হয়রানি করা হতো।
স্বৈরাচারী সরকারের পতনের ঠিক আগমুহূর্তে, ২০২৪ সালের ৪ আগস্ট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে পদোন্নতি নিয়ে মাদারীপুরে যোগদান করেন শেখ জিকরুল আলম। পদোন্নতি লাভের পরপরই তিনি নিজেকে নতুন রাজনৈতিক পরিচয়ে অবতীর্ণ করে ডিলার ও মিল মালিকদের ওপর ঘুষ আদায়ের মাত্রা আরও বাড়িয়ে দেন। ভুক্তভোগী ও অভিযোগকারীদের প্রধান প্রশ্ন হলো, যার কর্মজীবনের শুরু থেকেই অনিয়মের দীর্ঘ তালিকা রয়েছে, তাকে বিভাগীয় শাস্তি দেওয়ার বদলে কীভাবে পদোন্নতি দেওয়া হলো এবং এই সমস্ত অভিযোগের পেছনে কোনো নিরপেক্ষ তদন্ত হয়েছিল কি না। শেখ জিকরুল আলমের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, দুর্নীতি, সরকারি তহবিল আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের এই অভিযোগগুলো বর্তমানে দুর্নীতি দমন কমিশনের নিবিড় অনুসন্ধানের আওতাভুক্ত রয়েছে। অনুসন্ধানের অংশ হিসেবে তাঁর স্ত্রী তানিয়া ইসলাম, শ্বশুর আবুল হাসেম, শাশুড়ি রেশমা বেগম এবং তিন সন্তান মুমতাহিনা নূর তাজ, তানজিল জুবাইর ও মো. আওয়ান জুনায়েদের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ চেয়ে দপ্তরে দপ্তরে চিঠি পাঠানো হয়েছে এবং আত্মীয়স্বজনের বেনামি সম্পত্তির খোঁজও নেওয়া হচ্ছে।
সরকারি চাকরির আয়ের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় এমন বিপুল পরিমাণ সম্পদ রাজধানী ঢাকা ও গোপালগঞ্জে গড়ে তুলেছেন এই কর্মকর্তা। মালিকানা গোপন রাখার উদ্দেশ্যে এসব প্লট, ফ্ল্যাট ও জমি পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়দের নামে কেনা হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জ পৌরসভার মিয়াপাড়া এজি মিশন রোডের ১০০ নম্বর ডুপ্লেক্স বাড়িটি ঘুষের কালো টাকায় নির্মিত হয়েছে বলে জোরালো অভিযোগ রয়েছে। এই কর্মকর্তার জমিজমা, ফ্ল্যাট ও ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য নিয়ে প্রিন্ট ও অনলাইন মাধ্যমে পরবর্তীতে আরও বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হবে। এতসব গুরুতর অভিযোগ মাথায় নিয়েও ৫ আগস্টের রাজনৈতিক পালাবদলের পর তিনি কীভাবে স্বপদে বহাল রইলেন এবং পদোন্নতি পেলেন, তা নিয়ে খাদ্য অধিদপ্তরের বঞ্চিত ও শোষিত কর্মকর্তাদের মনে গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, বিগত সরকারের সময়ে নিজেকে প্রভাবশালী পরিবারের সদস্য পরিচয় দিয়ে তিনি বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং সহকর্মীদের ওপর ক্ষমতার স্টিম রোলার চালিয়েছেন। অধিদপ্তরে বহু অভিযোগ জমা পড়লেও রাজনৈতিক ক্ষমতার জোরে সেগুলোর কোনো সুরাহা হয়নি। সংশ্লিষ্টদের জোরালো দাবি, একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তাঁর অতীত কর্মস্থলের যাবতীয় নথি, নিয়োগপত্র, বদলির আদেশ, খাদ্যশস্য সংগ্রহের হিসাব এবং আর্থিক লেনদেন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হলে এই কর্মকর্তার দুর্নীতির আসল চিত্র প্রকাশ পাবে। এ বিষয়ে বর্তমান মাদারীপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক 
























