আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই তথ্য গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সংস্থাটি জানিয়েছে, গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না। তবে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণকাজের কারণে গ্যাস সরবরাহ কমে যেতে পারে। এতে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের মধ্যে সামিট এলএনজির একটি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে আগামী চার দিন দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি মহল বিভিন্ন সংবাদমাধ্যমের ফটোকার্ড নকল করে সামাজিক যোগাযোগমাধ্যমে আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকার তথ্য ছড়িয়ে দিচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।
এ পরিস্থিতিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়ে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যে কান না দিতে এবং কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
নিজস্ব প্রতিবেদক 























