বন্ধ গার্মেন্টস কারখানাগুলো শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আশা করি, এগুলো খুব শিগগিরই খোলার ব্যবস্থা হবে। কিছু কিছু দুষ্কৃতকারী হয়তো হামলা-টামলা করতে চাইছে। কারণ, শ্রমিকদের দাবি-দাওয়া যা ছিল, আমরা তা পূরণ করেছি। মজুরি বোর্ড গঠন হয়েছে, তারা সন্তুষ্ট হয়েছে।’
তিনি বলেন, ‘প্রায় সব শ্রমিকনেতা—গার্মেন্টস ও নিট খাতের, বিকেএমইএ-সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের নেতারা—গতকাল সবার সঙ্গে আমরা কথা বলেছি। মালিকপক্ষের সঙ্গেও কথা বলেছি। সবাই সন্তুষ্ট। এখন ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য যে বোর্ড গঠিত হয়েছে, সেই বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে। সেখানেই তারা দর-কষাকষি করবে। শ্রমিকদের জন্য সবচেয়ে সহায়ক এবং তাঁদের জীবনমান উন্নয়নে কার্যকর হবে—এমন বিষয় বিবেচনায় রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য আমরাও আহ্বান জানিয়েছি। সেই আলাপ-আলোচনা সেখানেই হবে। কিন্তু এখন কোনো অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই।’
অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা ডিসেম্বরের ছিল। তবে আগে থেকেই গোয়েন্দা তৎপরতা বা এ ক্ষেত্রে কোনো ঘাটতি ছিল কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে এবং রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে অতীত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সম্পর্কিত কোনো কোনো মহল এই অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা এটা কঠোর হস্তে দমন করব।’
নিজস্ব প্রতিবেদক 























