‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লায় সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ চালক চাই সংগঠনের উদ্যোগে কুমিল্লা বিআরটিসির মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতায় বিআরটিসির ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতা চলাকালে উপস্থিত ছিলেন নিরাপদ চালক চাই সংগঠনের সভাপতি মো. আজাদ সরকার লিটন, সংগঠনের যুগ্ম সম্পাদক ও কবি শিপন হোসেন মানব, কুমিল্লা বিআরটিসির ম্যানেজার আবদুল কাদের জিলানীসহ বিআরটিসির অন্যান্য কর্মকর্তারা।
আয়োজকরা জানান, সড়ক দুর্ঘটনার কারণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া এবং নিরাপদ সড়ক গঠনে দায়িত্বশীল চালক তৈরির লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আগামী ৬ নভেম্বর (শুক্রবার) বিকেল ৩টায় কুমিল্লা সরকারি কলেজ মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হবে।
আয়োজক সংগঠন আশা প্রকাশ করে, এ ধরনের সচেতনতামূলক আয়োজনের মাধ্যমে প্রশিক্ষণার্থী চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীলভাবে গাড়ি চালানো এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার মানসিকতা গড়ে উঠবে।
আব্দুর রহমান সাইফ, কুমিল্লা 




















