ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করতে চান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সার্বজনীন পূজা উদ্যাপন কমিটির উদ্যোগে দেব মন্দির (তিলপাপাড়া কালভার্ট রোডে) শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত শারদ স্মারক সম্মাননা সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী হাবিব বলেন, সব ষড়যন্ত্র উপেক্ষা করে খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান।
তিনি বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে। আমরা আপনাদের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ বন্ধনে আবদ্ধ থাকতে চাই।”
দুর্গাপূজা উদ্যাপন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে ৩৩ হাজার ৮৫১টি এবং ঢাকায় ২৫৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের সহিংসতা ছাড়াই এবারের পূজা উদ্যাপন করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, “সবার মধ্যে যে ইতিবাচক সহাবস্থান ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়েছে, তা আমরা বজায় রাখতে চাই। আমরা সব সময় আপনাদের পাশে থাকতে চাই।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
এ ছাড়া অনুষ্ঠানে পুরোহিত, বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শারদ স্মারক সম্মাননা প্রদান করা হয়।
ফরহাদ হোসেন 





















