‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, তাড়াইলের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক-যুবতী, সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকেরা অংশগ্রহণ করেন।
তাড়াইল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী ও তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ছিদ্দিকুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে যুবকদের আত্মনির্ভরশীল হতে হবে। পাশাপাশি উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।
বক্তারা আরও বলেন, প্রশিক্ষিত ও দক্ষ যুবসমাজ দেশের অন্যতম সম্পদ। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম যুবকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
রুহুল আমিন-তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি 
























