চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৯৮ বোতল ইস্কাফ সিরাপ ও ৫০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টায় আজমতপুর বিওপির টহলদল সীমান্ত পিলার ১৮১/৭-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের মণ্ডলটোলা গ্রামসংলগ্ন সেতু এলাকায় অভিযান চালায়। এ সময় মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক করা হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৪টায় সোনামসজিদ বিওপির টহলদল সীমান্ত পিলার ১৮৭/১১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় মুরছালিন (২১) নামে এক যুবককে ৯৮ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ ও একটি মুঠোফোনসহ আটক করা হয়।
আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে। পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মো. রকিব উদ্দীন-স্টাফ রিপোর্টার 






















