কুমিল্লায় পৃথক অভিযানে ১১৭ বোতল ইস্কাফ সিরাপ, ১৫ কেজি গাঁজা ও ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া অপর এক অভিযানে ৯ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ ও একজনকে আটক করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আওতাধীন বিবিরবাজার বিওপি ও বৌয়ারাবাজার বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ও ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিবিরবাজার স্থলবন্দর ও দক্ষিণ সূর্যনগর এলাকায় মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে ১০ বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্য কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 






















