ঢাকা মেডিকেল কলেজে ‘The Research Journey: From Idea to Publication’ শীর্ষক গবেষণা পদ্ধতিবিষয়ক কোর্সের উদ্বোধন হয়েছে। ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারভিত্তিক এ সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা পরিচালনা ও প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণার দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এ কোর্সের উদ্দেশ্য।
সোমবার (২৬ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর ভবনের ষষ্ঠ তলায় অধ্যাপক এস.জি.এম. চৌধুরী সেমিনার হলে কোর্সটির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে তিনি ‘Research TRIPP: Translating Research into Policy and Program’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের আয়োজনে এ সার্টিফায়েড গবেষণা পদ্ধতিবিষয়ক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের আহ্বায়ক অধ্যাপক ডা. মো. মনির-উজ-জামান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম. ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সদস্যসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ জাকারিয়া-আল-আজিজ। কোর্সের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন সোসাইটির বৈজ্ঞানিক উপকমিটির সদস্যসচিব অধ্যাপক ডা. মো. শাহাবুল হুদা চৌধুরী।
ফরহাদ হোসেন 
























