জাতীয় পতাকার সঙ্গে মিল রেখে ক্রিকেটে সাধারণত সবুজ রঙের জার্সিকে প্রাধান্য দেয় পাকিস্তান। তবে চলমান ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে গোলাপি জার্সি পরে মাঠে নেমেছে দলটি। ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে বিশেষ জার্সি পরার ঘোষণা আগেই দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
স্তন ক্যানসারে আক্রান্ত নারীদের চিকিৎসায় তহবিল সংগ্রহ এবং এ রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোই এই উদ্যোগের লক্ষ্য। এ উদ্দেশ্যে পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও তারকা ব্যাটার বাবর আজমের স্বাক্ষর করা বিশেষ জার্সি নিলামে তোলার ঘোষণা দিয়েছে পিসিবি। স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও নারীদের সহায়তায় পিসিবি এবং ‘পিঙ্ক রিবন’-এর যৌথ উদ্যোগের অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে।
ক্রিকেটে নিয়মিত পোশাকের বাইরে বিশেষ জার্সি পরার ঘটনা নতুন নয়। স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো দলও বিভিন্ন সময়ে গোলাপি জার্সি বা ক্যাপ পরে খেলেছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানও এ ধরনের উদ্যোগে যুক্ত হয়েছে।
প্রতি বছর অক্টোবর মাসে স্তন ক্যানসার সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়। ২০১৩ সাল থেকে দক্ষিণ আফ্রিকা সীমিত ওভারের ক্রিকেটে প্রায় প্রতিবছর গোলাপি জার্সি পরে অন্তত একটি ম্যাচ খেলার রীতি চালু করে। ওই ম্যাচ থেকে সংগৃহীত অর্থের একটি অংশ স্তন ক্যানসারের চিকিৎসায় ব্যয় করা হয়। এ ছাড়া অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টে এই সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে গোলাপি ক্যাপ পরে মাঠে নামে।
চলমান ম্যাচে পাকিস্তানের পাশাপাশি ইংল্যান্ডের খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা ও ধারাভাষ্যকারদেরও উদ্যোগটির সমর্থনে গোলাপি রিবন পরার আমন্ত্রণ জানানো হয়েছে। ম্যাচে ব্যবহৃত স্টাম্পে রয়েছে গোলাপি রঙের ব্র্যান্ডিং। এ ছাড়া পুরো ম্যাচজুড়ে স্টেডিয়ামের বড় পর্দা ও মাঠের চারপাশের এলইডি বোর্ডে স্তন ক্যানসার সচেতনতামূলক বার্তা ও প্রচারণার দৃশ্য দেখানো হচ্ছে।
সিরিজের প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারিয়ে ভালো অবস্থানে রয়েছে পাকিস্তান। সিরিজে দুই দলের বিপক্ষেই তাদের আরও একবার করে মুখোমুখি হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরে চাপে রয়েছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে চারশর বেশি রান করেও হেরেছে দলটি। পাকিস্তানের বিপক্ষে চলমান ম্যাচেও আগে ব্যাট করতে নেমে সুবিধাজনক অবস্থানে নেই ইংলিশরা।
ক্রীড়া ডেস্ক 

























