হুট করেই বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। গতকাল আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁর পরিবর্তে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে।
দায়িত্ব হারানোর পর আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে আশরাফুল বলেন, ‘গতকালই জানলাম। মাগরিবের পর শুনলাম, জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী তিন মাসে কোনো অ্যাসাইনমেন্ট থাকলে তখন জানানো হবে।’
পদ হারালেও তাঁর সঙ্গে কোনো অবিচার করা হয়নি বলে জানিয়েছেন আশরাফুল। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার সঙ্গে অবিচার করা হয়নি। বিসিবি নিয়ম অনুযায়ী আমাকে সরিয়ে দিয়েছে। প্রয়োজন হলে বিসিবি আমাকে অন্য কোথাও কাজে লাগাবে।’
তিনি আরও বলেন, ‘আমরা যারা কোচ হিসেবে থাকি, তাঁদের চুক্তিটা এভাবেই হয় যে ক্রিকেট বোর্ড চাইলে আমাদের অন্য কোথাও কাজ করাতে পারে। এটা তাদের এখতিয়ারভুক্ত।’
নিজের দায়িত্বকাল ও দলের পারফরম্যান্স তুলে ধরে আশরাফুল বলেন, ‘আমি ২০২৫ সালের নভেম্বরে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে দায়িত্ব শুরু করি। আমি তখনই বলেছিলাম, আমাদের টেস্ট দলটাই সবচেয়ে গোছানো ও অভিজ্ঞ। ফলও যদি দেখেন, আমি দায়িত্ব নেওয়ার পর আলহামদুলিল্লাহ, আট টেস্টে পাঁচটি জয় ও একটি ড্র এসেছে।’
ব্যাটারদের পারফরম্যান্সের বিষয়ে তিনি বলেন, তাঁদের গড় প্রায় ৪৫ থেকে ৫২-এর মধ্যে রয়েছে। আট টেস্টে ব্যাটাররা করেছেন নয়টি সেঞ্চুরি ও ২২-২৩টি ফিফটি। এ ছাড়া প্রায়ই শতরানের জুটি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ক্রীড়া প্রতিবেদক 
























