ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেই হারের পর এবার যোগ হলো আরও একটি দুঃসংবাদ। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে অভিষেক হওয়া ডানহাতি স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন অবৈধ বলে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচ অফিশিয়ালরা।
ম্যাচ অফিশিয়ালদের প্রতিবেদনে ২৯ বছর বয়সী এই বোলারের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।
আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনসংক্রান্ত নিয়ম অনুযায়ী, আলিসকে এখন আইসিসি অনুমোদিত কোনো পরীক্ষাকেন্দ্রে বোলিং অ্যাকশনের স্বাধীন পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাঁকে।
বিসিবির এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা দুপুরে জেনেছি, এরপর আইসিসি জেনেছে। কয়েকটি দেশের ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা নেওয়া হয়। তবে আলিসেরটা চেন্নাইতে হতে পারে। এখনও সময় জানা যায়নি।’
ক্রীড়া প্রতিবেদক 























