লোহিত সাগরের জুকার দ্বীপের কাছে একটি ভারতীয় জাহাজে সৌদি আরবের বিমান হামলার পর সেখান থেকে ১৪ ভারতীয়কে উদ্ধারের দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, জাহাজটি বাব এল-মান্দেব প্রণালির কাছে ছিল।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ দাবি করেন। তিনি বলেন, হুথিরা ভারতীয়দের উদ্ধার করেছে। এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।
ভারতীয় জাহাজে সৌদির বিমান হামলার সমালোচনা করে ইয়াহিয়া সারে বলেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলকে হুমকির মুখে ফেলছে। আন্তর্জাতিক মহলকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সৌদির দাম্মাম বিমানবন্দরে নিহত বেড়ে ২, আহত ৮
সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। নিহতদের একজন ভারতীয় নাগরিক, অন্যজন সৌদি আরবের নাগরিক।
বৃহস্পতিবার সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
গত বুধবার সন্ধ্যায় দাম্মাম বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালায় হুথিরা। তবে এ হামলায় ড্রোন নাকি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। অন্যরা সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক ডেস্ক 





















