ইরানের সঙ্গে এ মুহূর্তে কোনো আলোচনা হচ্ছে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শিগগিরই কিছু একটা ঘটতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর এ বক্তব্যকে ঘিরে ইরানে নতুন করে হামলার আশঙ্কা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা ইরানের সঙ্গে আলোচনা করছি না। কোনো একভাবে খুব শিগগিরই কিছু একটা হবে। বেশির ভাগ মানুষ মনে করছে, এটি মধ্যবর্তী নির্বাচনের পর হবে।”
ট্রাম্পের এ বক্তব্যের আগে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালানো হতে পারে। এ হামলার পরিকল্পনার একটি খসড়া তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, নতুন করে হামলা হলে তা স্বল্পস্থায়ী হলেও অত্যন্ত তীব্র হতে পারে। এ হামলায় সামরিক স্থাপনার পাশাপাশি ইরানের জ্বালানি অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে।
তবে শেষ পর্যন্ত ট্রাম্প নতুন সামরিক অভিযানের অনুমতি দেবেন কি না, তা স্পষ্ট নয় বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই দিন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির একাধিক মন্ত্রী ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হন।
আন্তর্জাতিক ডেস্ক 
























