এসএসসি-২০২৬ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এ পরীক্ষায় উত্তীর্ণদের একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা। তবে চলতি বছর পরীক্ষা আয়োজন সম্ভব না হলে অকৃতকার্য শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দিয়ে পরবর্তী বছর কলেজে অধ্যয়নরত অবস্থায় সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘এসএসসি ২০২৬ শিক্ষার্থী অধিকার আন্দোলন বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ। এ পরীক্ষার ফলের ওপর উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রবেশ, ভবিষ্যৎ শিক্ষার পরিকল্পনা ও পরবর্তী জীবনের প্রস্তুতি নির্ভর করে। এ পর্যায়ে অকৃতকার্য হওয়ায় অনেক শিক্ষার্থী হতাশা ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাঁদের শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে অভিভাবকেরাও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।
তাঁরা আরও বলেন, একটি পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই কোনো শিক্ষার্থীর মেধা, সম্ভাবনা কিংবা ভবিষ্যৎ শেষ হয়ে যাওয়া নয়। শিক্ষার্থীদের ঘাটতি পূরণ, নিজেদের যোগ্যতা প্রমাণ এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া দায়িত্বশীল শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, তাঁরা কোনো নিয়মবহির্ভূত সুবিধা চান না। বরং তাঁদের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে মানবিক, বাস্তবসম্মত ও শিক্ষাবান্ধব সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। এ সময় তাঁরা পাঁচ দফা দাবি তুলে ধরেন।
প্রথম দাবিতে, এসএসসি-২০২৬ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
দ্বিতীয় দাবিতে, বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষার সিলেবাস, মানবণ্টন, প্রশ্নপদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি এবং পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতাসংক্রান্ত সুস্পষ্ট নির্দেশনা দ্রুত প্রকাশের দাবি জানান শিক্ষার্থীরা। এতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন বলে উল্লেখ করেন তাঁরা।
তৃতীয় দাবিতে, পরীক্ষার সময়সূচি ও ফল প্রকাশের বিষয়ে গুরুত্ব দেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি, পর্যাপ্ত প্রস্তুতির সময় দিয়ে পরীক্ষার সময়সূচি ঘোষণা করতে হবে। পাশাপাশি পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের কার্যক্রম দ্রুত শেষ করতে হবে, যাতে উত্তীর্ণ শিক্ষার্থীরা একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পান।
চতুর্থ দাবিতে, বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।
পঞ্চম দাবিতে বিকল্প ব্যবস্থার কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি, কোনো অনিবার্য কারণে চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন সম্ভব না হলে এসএসসি-২০২৬ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে। পাশাপাশি পরবর্তী বছর কলেজে অধ্যয়নরত অবস্থায় সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।
সংবাদ সম্মেলনে কামার আহমেদ মজুমদার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আল-আমিন ইসলাম তামিম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ ও প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীদের এক বছর পিছিয়ে পড়ার ঝুঁকি কমানো সম্ভব। একই সঙ্গে শিক্ষাজীবনের ধারাবাহিকতা রক্ষায় বাস্তবসম্মত সমাধান বের করা যাবে।
তামিম আরও বলেন, তাঁদের আন্দোলন কোনো সংঘাত বা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে নয়। শিক্ষার্থীদের ন্যায্য সুযোগ, শিক্ষাজীবনের ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ সুরক্ষার লক্ষ্যেই শান্তিপূর্ণ ও গঠনমূলক এ উদ্যোগ নেওয়া হয়েছে। একটি পরীক্ষার ফলের কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবনের স্বাভাবিক অগ্রযাত্রা যেন অযথা থেমে না যায়। নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ দিতে হবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে।
তামিমের ভাষ্য, এসএসসি-২০২৬ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনই তাঁদের মূল দাবি। তা সম্ভব না হলে একাদশ শ্রেণিতে ভর্তি এবং পরবর্তী বছর কলেজে অধ্যয়নরত অবস্থায় সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার বিকল্প সুযোগ নিশ্চিত করতে হবে।
নিজস্ব প্রতিবেদক 





















