হরমুজ প্রণালিতে ইরানের অনুমোদনহীন পথে জাহাজ চালানোর চেষ্টা করা হলে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ড।
তারা বলেছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে জোর দেওয়ায় গত কয়েক দিনে মাইনে আঘাত লেগে একাধিক জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। এরপরও জাহাজ চালানোর চেষ্টা করা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
ঘাঁটিতে হামলার ইঙ্গিত দিয়ে বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ড বৃহস্পতিবার (২২ অক্টোবর) বলেছে, ‘যুক্তরাষ্ট্রের আগ্রাসী সেনাবাহিনীকে অবশ্যই বুঝতে হবে, এ পরিস্থিতি অব্যাহত থাকলে প্রতিরোধ আগ্রাসনকারীদের এ অঞ্চলের ঘাঁটিগুলো পর্যন্ত বিস্তৃত হবে। এটি একটি গুরুতর সতর্কবার্তা।’
এর আগে বৃহস্পতিবার সকালে বিপ্লবী গার্ড বাহিনী জানায়, তারা তেল চোরাচালানে জড়িত চারটি জাহাজে হামলা চালিয়েছে। এতে জাহাজগুলোতে আগুন ধরে যায়। অপরদিকে, তিনটি জাহাজ হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে মাইনে আঘাত পেয়েছে।
গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে রেখেছে ইরান। অন্যদিকে, যুক্তরাষ্ট্রও পাল্টা নৌ-অবরোধ আরোপ করেছে। ফলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।
তবে তা সত্ত্বেও ছোট ছোট জাহাজে করে আরব দেশগুলোর তেল হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হচ্ছিল। এমনকি সেপ্টেম্বরে তেল সরবরাহের পরিমাণ যুদ্ধ-পরবর্তী সময়ের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এরপর থেকেই ইরান ছোট জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে।
আন্তর্জাতিক ডেস্ক 
























