চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় আব্দুল আউয়াল ওরফে মারুফ (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকালে উপজেলার হলদেগাছী এলাকায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আব্দুল আউয়াল উপজেলার সদর ইউনিয়নের ঝাউবোনা গ্রামের মরহুম আলাউদ্দিন ড্রাইভারের ছেলে। তিনি ‘ইউএনওর ড্রাইভার’ নামে পরিচিত ছিলেন।
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন আব্দুল আউয়াল। তবে রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে তাঁর মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে উপজেলা-সংলগ্ন হলদেগাছী এলাকায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশে একটি দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলও দেখতে পান তাঁরা।
এদিকে তাঁর মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম শুরু হয়। তাঁর অকালমৃত্যুতে আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী ও বন্ধুবান্ধবের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সড়ক দুর্ঘটনার মামলা হয়েছে বলে জানিয়েছেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক।
এম. এস. আই. শরীফ-ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি 






















