শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি।
সেখানে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বাসে করে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বাস থেকে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে তাঁকে বহনকারী বাস সৈয়দপুর থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে যায়।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে বাসযোগে রংপুরের ধর্মসভা বা রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন তিনি। পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন।
রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণের পর দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।
এরপর রাজশাহী থেকে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
জেলা প্রতিনিধি 

























