সুউচ্চ একটি ভবনের ছাদ থেকে এক তরুণ রাগবি বলে লাথি মারলেন। বলটি উড়ে গিয়ে পড়ল স্টেডিয়ামে, যখন চলছিল ব্রেন্টফোর্ড-লিভারপুলের ম্যাচ। শনিবার বিপজ্জনক এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে ব্রেন্টফোর্ড।
জিটেক কমিউনিটি স্টেডিয়ামের কাছের একটি ভবনের ছাদ থেকে লাথি মেরে পাঠানো রাগবি বলটি প্রথমে ইস্ট স্ট্যান্ডের ছাদে পড়ে। পরে সেটি মাঠের ভেতরে গিয়ে পড়ে। এতে কোনো দর্শক বা ফুটবলার আহত না হলেও ঘটতে পারত ভয়াবহ দুর্ঘটনা। এমন বেপরোয়া আচরণের তীব্র নিন্দা জানিয়েছে ব্রেন্টফোর্ড। একই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় ব্রেন্টফোর্ড একটি কঠোর বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ‘ব্রেন্টফোর্ড ফুটবল ক্লাব শনিবার লিভারপুলের বিপক্ষে ম্যাচ চলাকালে মাঠের দিকে উঁচু স্থান থেকে কোনো বস্তু লাথি মেরে ছুড়ে দেওয়ার একটি ঘটনা সম্পর্কে অবগত আছে। এমন আচরণ বিপজ্জনক এবং এর ফলে গুরুতর কিছু ঘটতে পারত। বিষয়টি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দায়ীদের শনাক্ত করতে ও যথাযথ ব্যবস্থা নিতে ক্লাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তে সহযোগিতা করছে। এ ঘটনায় ফৌজদারি মামলাও হতে পারে।
‘ভক্ত, কর্মী, খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা ম্যাচের দিনে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রচেষ্টাকে ক্লাব সমর্থন করবে।’
ম্যাচে কিন লুইস-পটারের গোলে এগিয়ে যায় স্বাগতিক ব্রেন্টফোর্ড। পরে ভিক্টর মুনোজ সমতা ফেরান। এরপর আলেক্সান্দার ইসাকের গোলে ঘুরে দাঁড়িয়ে জয় পায় লিভারপুল।
ক্রীড়া ডেস্ক 























