কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া কাজীবাড়ি পুকুর থেকে ইকবাল হোসেন সোহাগ (৩৮) নামের এক গাড়িচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ দল।
শনিবার (১০ অক্টোবর) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে পাশের চাঁদপুর থেকে আসা ডুবুরি দলের সদস্যরা প্রায় তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করেন।
উদ্ধার হওয়া সোহাগ চিওড়া কাজীবাড়ির ব্যবসায়ী কাজী নাদেরুজ্জামানের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। তিনি চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন পশ্চিম শহীনগর এলাকার মৃত আবদুল মানিকের ছেলে।
জানা যায়, আগের দিন শুক্রবার জুমার নামাজের আগে কয়েকজনের সঙ্গে পুকুরে গোসল করতে নামেন সোহাগ। এ সময় অন্যরা গোসল শেষে পুকুর থেকে উঠে আসার সময় তাঁকে পুকুরে থাকা শাপলা ফুল তুলতে দেখেন। পরে দুপুর গড়িয়ে বিকেল হলেও সোহাগের খোঁজ না পেয়ে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
শনিবার ভোরে খবর পেয়ে চাঁদপুর থেকে চার সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে আসে। পরে উদ্ধার অভিযান চালিয়ে কাজীবাড়ি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান জানান, শনিবার ভোরে খবর পেয়ে চাঁদপুর থেকে ডুবুরি দল এনে তিন ঘণ্টারও বেশি সময় অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের দুটি দলও অভিযানে সহযোগিতা করে। ধারণা করা হচ্ছে, পুকুরে থাকা অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।
নিজস্ব প্রতিবেদক 





















