ফেনী সফরে যাওয়ার উদ্দেশে কুমিল্লা অতিক্রম করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে বহনকারী গাড়িটি দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার এলাকা অতিক্রম করে।
এ সময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো নেতাকর্মী করতালি ও স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টায় রাজধানী ঢাকা থেকে সড়কপথে তাঁর গাড়িবহর ফেনীর উদ্দেশে রওনা হয়।
এ ছাড়া কুমিল্লা অংশে দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ১০৪ কিলোমিটার মহাসড়কজুড়ে অবস্থান নিয়ে অভিবাদন জানান বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অন্যদিকে, প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য মহাসড়কের দুই পাশে সাধারণ মানুষের ঢল নামে।
এ সময় স্থানীয় নিমসার জুনাব আলী কলেজের শত শত শিক্ষার্থী ও শিক্ষক মহাসড়কের পাশে অবস্থান নেন। তাঁরা কলেজটিকে জাতীয়করণের দাবিতে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে ব্যানার হাতে দাঁড়িয়ে তাঁদের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘সরকারি বা জাতীয়করণ’-এর বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর গাড়িবহর এলাকাটি অতিক্রম করার সময় তিনি হাত নেড়ে নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম ফেনী সফর। দিনব্যাপী এই সফরে তিনি পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন, সোলার বিদ্যুৎ প্রকল্প গ্রিডে যুক্ত করা এবং কৃষক ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে ‘কৃষক কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ বিতরণসহ একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো কুমিল্লা ও ফেনী অঞ্চলজুড়ে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।
নিজস্ব প্রতিবেদক 


















