সম্প্রতি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভবানীপুর ছেফাতিয়া কামিল মাদ্রাসা পরিচালনায় সরকারি গেজেট ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়ম-বিধি উপেক্ষা করে স্বজনপ্রীতি ও সীমাহীন অনিয়মের মাধ্যমে নিয়মিত গভর্নিং বডি কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, মাদ্রাসা পরিচালনায় শুধু গভর্নিং বডি নয়, এডহক কমিটির মাধ্যমেও নিয়মিত গভর্নিং বডি গঠনের জন্য নির্বাচন দেখানো হয়েছে। সেই এডহক কমিটিও বিধি-বহির্ভূতভাবে গঠন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া ২০২৫-২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি কমিটি গঠনসংক্রান্ত বিধি ও গেজেট উপেক্ষা করে ২০২৩-২৪ সালের নিয়ম-বিধির অজুহাত দেখিয়ে মাদ্রাসার সব কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত গভর্নিং বডি কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে। সার্বিক কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে সরেজমিনে অধিকাংশ অনিয়মের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
২০২৫-২৬ সালের সরকারি গেজেট ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আরোপিত নিয়ম-বিধিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে কিংবা মেয়ে অধ্যয়নরত না থাকলে তাঁদের পিতা-মাতা অভিভাবক সদস্য হতে পারবেন না। কিন্তু ওই মাদ্রাসায় ছেলে-মেয়ে কেউই অধ্যয়নরত না থাকা সত্ত্বেও আশরাফ আলী ও মহসিন আলী নামের দুজনকে কীভাবে অভিভাবক সদস্য নির্বাচিত করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ছাড়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুরুল ইসলামের বাবা ও সাবেক অধ্যক্ষ মরহুম নুর ইসলামকে দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য, নিকটাত্মীয় ফুপাতো ভাই এনামুল হককে অভিভাবক সদস্য, খালাতো ভাই নুর মোহাম্মদকে শিক্ষক প্রতিনিধি এবং লালমনিরহাট-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানকে সভাপতি করে আট সদস্যবিশিষ্ট গভর্নিং বডির কমিটি নির্বাচিত দেখানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
উক্ত নির্বাচিত গভর্নিং বডির বিষয়ে অভিযোগকারীদের দাবি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম আইন-বিধি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও ২০২৫-২৬ সালের সরকারি গেজেট ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আরোপিত নিয়ম-বিধি উপেক্ষা করেছেন। তাঁদের অভিযোগ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম আইন-বিধি উপেক্ষা করে শুধু নিজস্ব স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পূর্বপরিকল্পনা অনুযায়ী এমন অনিয়মের মাধ্যমে নিয়মিত গভর্নিং বডির কমিটি গঠন করেছেন।
সেই সঙ্গে অনিয়ম আড়াল করতে লালমনিরহাট-১ আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানকে ওই গভর্নিং বডি ও কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে ভবানীপুর ছেফাতিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুরুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি একপর্যায়ে অভিযোগের আংশিক বিষয় স্বীকার করলেও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক নিয়মিত গভর্নিং বডির কমিটি নির্বাচিত করা হয়েছে বলে দাবি করেন।
অপরদিকে, নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজারের সঙ্গে সাক্ষাতের জন্য একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, অধ্যক্ষের প্রস্তুত করা ভোটার তালিকা এবং এডহক কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসকের দেওয়া নির্বাচন তফসিল অনুযায়ী আশরাফ আলী ও মহসিন আলীকে অভিভাবক সদস্য নির্বাচিত করা হয়েছে।
তিনি আরও বলেন, বাস্তবে প্রতিষ্ঠানে কোনো ছেলে কিংবা মেয়ে পড়ে কি না, এ বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তার দেখার কিছু নেই। ভোটার তালিকার বিষয়ে এডহক কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া জানেন।
এ ব্যাপারে এডহক কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া জানান, নির্বাচন কমিশনের সুপারিশক্রমে নিয়মিত কমিটি গঠন করা হয়েছে। কমিটির বৈধতার বিষয়ে নির্বাচন কমিশনই বলতে পারবে।
মো. মিজানুর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধি 






















