কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি সিএনজি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে ‘তিশা প্লাটিনাম পরিবহনের’ একটি বাস উল্টে অন্তত ২২ জন আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার আমজাদের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিয়ার বাজার হাইওয়ে থানার এসআই সোহেল আহমেদ জানান, বাসটি রাস্তার ওপর থাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আহতদের মধ্যে ১৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে চলে গেছেন। বাকি সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রাথমিকভাবে মহাসড়কে চলন্ত বাসটি একটি সিএনজি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে পাশ কাটিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 
























