ভোলার বোরহানউদ্দিন থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাব আলীর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিয়ে আলোচনা হয়।
নবাগত ওসি আশ্রাব আলী বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অপরাধ, মাদক ও জনদুর্ভোগের তথ্য দ্রুত পুলিশকে জানাতে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়া থানায় কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করা হবে। পুলিশ সদস্যদের দায়িত্বশীল ও জনবান্ধব আচরণ করারও নির্দেশ দেন তিনি।
সভায় সাংবাদিকরা মাদক, চুরি-ছিনতাই, কিশোর অপরাধসহ বিভিন্ন বিষয়ে মতামত দেন এবং পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে, যোগদানের ২৪ ঘণ্টার মধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবাগত ওসির তৎপরতা স্থানীয়দের নজর কেড়েছে। তাঁর এই কার্যক্রম অব্যাহত থাকলে বোরহানউদ্দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।
রিয়াজ ফরাজী 



















