কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় নিহতের পরিবারকে বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশোভন আচরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে সময় সংবাদকে অপ্রতিমের বাবা জানান, গত ২১ সেপ্টেম্বর রাতে একটি গ্রামীণফোন নম্বর থেকে তাঁর মোবাইলে কল আসে। পরিচয় জানতে চাওয়ার পর নিজের পরিচয় দিলে অপর প্রান্ত থেকে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।
কলটি কেটে দেওয়ার পরও ওই নম্বর থেকে একাধিকবার ফোন আসতে থাকলে তিনি নম্বরটি ব্লক করে দেন। পরে এয়ারটেল (সার্কেল) নম্বর থেকেও তাঁকে বারবার ফোন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘আমার ছেলে মারা গেছে। তাকে আইফোনের জন্যই হত্যা করা হয়েছে, নাকি অন্য কোনো কারণ আছে, সেটা আমরা জানি না। আমাদেরও শঙ্কা কাজ করে। মাঝেমধ্যে বিভিন্ন নম্বর থেকে ফোন আসে, কিন্তু পরিচয় দেয় না। সেদিন ফোন করে খুব খারাপ ভাষায় গালিগালাজ করেছে।’
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন ফেসবুক আইডি খুলে অপ্রতিম ও তার মাকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন নম্বর থেকে তাঁদের মোবাইলে ফোন করে অশোভন আচরণ করা হচ্ছে। এসব কারণে আতঙ্কে অপ্রতিমের মা তাঁর মোবাইল নম্বর বন্ধ রেখেছেন।
নিহতের বাবা বলেন, ‘আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। আমার ছেলেকে মেরে ফেলার পর আসামিরা আমার সঙ্গে এসে আমার ছেলেকে খুঁজেছে। এখন তাদের লিডাররাও যে আমার বাসায় এসে আমার সঙ্গে কোলাকুলি করছে না, এর নিশ্চয়তা কী? পুলিশ তদন্তের স্বার্থে কিছু বলছে না। কিন্তু এর একটা বিহিত না হলে আমরা কীভাবে নিরাপদ থাকব?’
সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) ও অপ্রতিম হত্যা মামলার নতুন তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সাইবার বুলিং এবং বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশোভন আচরণের অভিযোগে অপ্রতিমের বাবা থানায় জিডি করেছেন। অভিযোগটি তদন্ত করা হচ্ছে।
এর আগে গত শুক্রবার কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে অপ্রতিম নিখোঁজ হন। তাকে উদ্ধারে বিভিন্নভাবে চেষ্টা চালানোর পর সানন্দার একটি পাহাড়ি জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপ্রতিমের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং তাদের করা অভিযোগও তদন্তের আওতায় রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 


















