চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ২২ বোতল এস্কাফ সিরাপ, ৬৩ বোতল উইনসেরেক্স সিরাপ ও একটি বাইসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
৫৩ বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৬৩ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনসেরেক্স সিরাপ জব্দ করে।
এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একই বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর গ্রামে অভিযান চালায়। এ সময় শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা ২২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ মো. নুর ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার মুন্সিপাড়া গ্রামের মো. সোহরাব আলীর ছেলে। এ সময় তাঁর সঙ্গে থাকা একটি বাইসাইকেলও জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা এস্কাফ ও উইনসেরেক্স সিরাপ এবং বাইসাইকেলের আনুমানিক বাজারমূল্য ৩৮ হাজার টাকা। আটক নুর ইসলামসহ জব্দ করা মাদকদ্রব্য ও বাইসাইকেল শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, চলতি সেপ্টেম্বর মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে দুই আসামিসহ ভারতীয় ২১০ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৯ বোতল ফেয়ারডিল সিরাপ, ২২ বোতল চকোপ্লাস সিরাপ, ৬৩ বোতল উইনসেরেক্স সিরাপ, ২৮ বোতল ফেনসিডিল, ৪১ পিস ইয়াবা ও ৬৫ বোতল মদ জব্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ, মাদক চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং নিরলসভাবে কাজ করছে।
মোঃ জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 


















