মার্কিন নিষেধাজ্ঞার চাপ বাড়তে থাকায় আঞ্চলিক আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় সমস্যায় পড়েছে ইরান। এর মধ্যে ইরাক ও ওমানগামী সব ফ্লাইট বাতিল করেছে দেশটি। বুধবার (২৩ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়েও এ তথ্য প্রচার করা হয়েছে। তাতে বলা হয়েছে, বুধবার সকাল থেকে ইরান থেকে ইরাক ও ওমানে কোনো ফ্লাইট চলবে না।
এর আগে সোমবার এক সাক্ষাৎকারে ইরানের বিমান চলাচল খাতে আরও চাপ প্রয়োগের ঘোষণা দেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি হুঁশিয়ারি দেন, যেসব দেশ ইরানি বিমান সংস্থাকে জ্বালানি সরবরাহ করবে, অবতরণের সুবিধা দেবে কিংবা তাদের হয়ে টিকিট বিক্রি করবে, তাদের মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বাদ দেওয়ার ঝুঁকি রয়েছে।
ইরানের বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র মাজিদ আখাভান জানান, ইরাকগামী ফ্লাইট অন্য কোনো বিমানবন্দরের মাধ্যমে পরিচালনার উপায় খুঁজছে ইরান।
এদিকে প্রতিবেশী আজারবাইজানগামী ইরানি বিমান সংস্থাগুলোর ফ্লাইটও তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে। আজারবাইজান এয়ারলাইনসের বরাত দিয়ে দেশটির সংবাদপত্র শরক এ তথ্য জানিয়েছে।
মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান চলাচল খাতে আন্তর্জাতিক যোগাযোগ আরও সংকুচিত হয়ে পড়ছে। ফলে দেশটির আঞ্চলিক বিমান যোগাযোগেও এর প্রভাব পড়তে শুরু করেছে।
সূত্র: আল জাজিরা
আন্তর্জাতিক ডেস্ক 























