মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার জেলা প্রতিনিধিকে কোনো অভিযোগ বা নির্দিষ্ট কারণ না জানিয়েই ডেকে নিয়ে সাধারণ মানুষের উপস্থিতিতে অপমান ও হেনস্তা করার অভিযোগ উঠেছে জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফার বিরুদ্ধে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
অভিযোগ সূত্রে জানা যায়, কোনো লিখিত অভিযোগ, কারণ বা নির্দিষ্ট বিষয় সম্পর্কে অবহিত না করেই সাংবাদিককে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ডেকে পাঠানো হয়। পরে কার্যালয়ে উপস্থিত সাধারণ সেবাপ্রত্যাশী ও অন্যান্য ব্যক্তির সামনে জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে অপমান ও হেনস্তা করেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিকের দাবি, তিনি কোনো অনিয়ম বা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তথ্য, বক্তব্য বা সংশ্লিষ্ট কর্মকর্তার মন্তব্য জানতে চাইলে তাকে কোনো কারণ ছাড়াই কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে কোনো অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ বা বক্তব্য গ্রহণের পরিবর্তে জনসম্মুখে তাকে অপমানজনক পরিস্থিতির মুখোমুখি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, একজন গণমাধ্যমকর্মী হিসেবে সংবাদ সংগ্রহ এবং সংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া তার পেশাগত দায়িত্বের অংশ। এ ক্ষেত্রে কোনো আপত্তি বা অভিযোগ থাকলে তা পেশাগতভাবে জানানো যেত। কিন্তু কোনো অভিযোগ বা কারণ স্পষ্ট না করে তাকে ডেকে নিয়ে জনসম্মুখে হেনস্তা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ঘটনার বিষয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাংবাদিকদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের পেশাগত সৌজন্য, দায়িত্বশীলতা ও পারস্পরিক সম্মান বজায় রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে সংবাদে সংযুক্ত করা হবে।
মো. হাসান আহমেদ ইয়ামিন-মৌলভীবাজার জেলা প্রতিনিধি 



















