“ক্রীড়া শক্তি, ক্রীড়া বল—মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কুসলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কোটালীপাড়া রামমোহন উচ্চ বিদ্যালয় মাঠে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় ম্যাচটি শুরু হয়। নির্ধারিত ৯০ মিনিটের রোমাঞ্চকর খেলায় দুই দলই সমানে সমান লড়াই করে ২-২ গোলে ম্যাচটি ড্র করে। খেলায় বিবাহিত দলের অধিনায়কত্ব করেন শাকিম মোল্লা এবং অবিবাহিত দলের দায়িত্বে ছিলেন অধিনায়ক অমিন ফকির। স্থানীয় হিন্দু, মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের সম্প্রীতির মেলবন্ধনে ম্যাচটি পরিচালনা করেন রেয়াজুন শেখ ও জামীল মধ্য পাড়া পাড়ের পার মিলে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলার কুসলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল সামাদ শিকদার।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠন করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে হবে এবং আমি সবসময় তাদের পাশে থেকে কাজ করে যাব।” মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি এই খেলাধুলার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
পঙ্কজ বিশ্বাস গোপালগঞ্জ জেলা ক্রাইম রিপোর্টার 


















