নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সেনবাগ উপজেলায় তিন প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সেনবাগ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর পেয়ারা বেগম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি অমান্য করায় ধানের শীষ, হাতপাখা ও কাপ-পিরিচ প্রতীকের তিনজন প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলায় মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও একই অভিযানে সড়ক পরিবহন আইনে আরও তিনটিসহ সর্বমোট ১০টি মামলায় বিভিন্ন অপরাধে মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম বলেন,
“নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।”
এম আশরাফুল আলম সুমন, সেনবাগ প্রতিনিধি 

























