‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ এই প্রতিপাদ্যে এবছর পালিত হচ্ছে মহান মে দিবস। আমেরিকার শিকাগো শহরের শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মদিবস সহ মজুরি বৃদ্ধি, শিশু নারী শ্রমিকের ওপর নির্যাতন বন্ধের দাবিতে অনুষ্ঠিত শ্রমিকদের শান্তিপূর্ণ সমাবেশে সরকার ও মালিকের গুণ্ডা বাহিনীর আক্রমণ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয় যা শ্রমিক আন্দোলনে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয়। এই আন্দোলনের অনেক শ্রমিক নিহত আহত হয়। ৯ জন শ্রমিক নেতাকে পরে ভুয়া বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলানো হয়। বিশ্বব্যাপী ৮ ঘণ্টা কর্মদিবসের দাবী ছড়িয়ে পড়ে। সেই থেকে ১ লা মে আমাদের স্বরণ করিয়ে দেয় মে দিবসের কথা, স্বরণ করিয়ে দেয় দৈনিন্দন জীবনে শ্রমিকদের অবদানের কথা।
বাংলাদেশে প্রতিবছর মে দিবস আসলেই তড়িঘড়ি কিছু কর্মসূচি নেওয়া হলেও বাস্তবায়ন হয়না তার অধিকাংশই। ৫ থেকে ৬ কোটি শ্রমিকদের দেশেই অবহেলিত হচ্ছে শ্রমিকরা। এসব অবহেলিত-উপেক্ষিত শ্রমিক ও মে দিবসকে ঘিরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের রয়েছে নানা রকম ভাবনা। শিক্ষার্থীদের সেই ভাবনাগুলোই তুলে ধরেছেন বিশ্ববিদ্যালয় প্রতিবেদক কায়েস শেখ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, মে দিবসে শ্রমিকদের অধিকার আদায়ের প্রতি সকল শ্রেণীপেশার মানুষের সোচ্চার হওয়া উচিৎ। এখনো চা শ্রমিকেরা তাদের ন্যায্য মজুরি না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। দুইদিন আগেও চট্টগ্রামে অসুস্থতার কারনে ছুটি চেয়ে ছুটি না পেয়ে চাকরি হারানোর ভয়ে কাজ করতে এসে মৃত্যুবরন করেন এক আদিবাসী পোশাক শ্রমিক। শ্রমিকরা আমাদের দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাই তাদের অধিকার আদায়ে আমাদের সকলের আরো দায়িত্বশীল হওয়া উচিৎ। আমরা যখন চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে তখনও আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকার এবং শ্রমিকবান্ধব কর্মস্থল দিতে ব্যর্থ। বরং পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় এরা শোষিত শ্রেণী। শিল্পমালিকেরা উৎপাদন খরচ কমানো এবং অতিরিক্ত মুনাফার লোভে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না রেখেই কারখানা পরিচালনা করেন এবং যার প্রতিফলন যেকোন বড় দূর্ঘটনায় আমরা শ্রমিদের মৃত্যুর মিছিলের মাধ্যমে দেখতে পাই। তাই শ্রমিকের ন্যায্য অধিকারের পাশাপাশি শ্রমিকবান্ধব কর্মস্থল নিশ্চিত করা এখন সময়ের দাবি। তা না হলে অর্থনীতিতে থেকে যাবে শ্রমিকের রক্তের দাগ।
ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শামীম আহমেদ বলেন, ব্রিটিশ পাকিস্তান আমলে শক্তিশালী ট্রেড ইউনিয়ন আন্দোলন অস্তিত্ব থাকা সত্ত্বেও মে দিবস পালন করতে হয়েছে সীমাবদ্ধভাবে শ্রমিকদের ব্যারাকে কলোনীতে। এখন সে দিবস সরকারি ছুটি হিসাবে গণ্য হয়। সরকারের উদ্যোগে মে দিবস পালন করা হয়। ঘটা করে মালিক শ্রমিক সরকার–ত্রিপক্ষীয় মে দিবস পালন করা হয়। এসব সভায় শ্রমিকদের সমস্যা তার অধিকার ন্যায্য মজুরি নিয়ে কোনও কথা বলা যায় না বা হয় না। বিভিন্ন সংগঠন ও বিচ্ছিন্নভাবে কিছু কর্মসূচী পালন করলেও সেগুলো জাতীয় শ্রমিক আন্দোলন গড়ার ক্ষেত্রে কোনও কাজে লাগে বলে মনে হয় না। এ যেন ছেলের হাতে মোয়া দিয়ে তার হাতের আংটি কেড়ে নেওয়ার সামিল। তাই মে দিবস এখন শ্রমিক শ্রেণির অধিকার সংহতি সংগ্রামের ত্যাগের ঐতিহ্য হিসাবে পালিত হয় না। শুধুমাত্র আনুষ্ঠানিকতায় পর্যবসিত হয়েছে। আশা করছি বৈষম্য বিরোধী আনন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে সেখানে শ্রমিকরা আর বৈষ্যমের শিকার হবে না। আমাদের দেশের শ্রমিক শ্রেণি তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করে শ্রম আইন সংশোধন করতে সমর্থ হবে।
সরকারি হরগঙ্গা কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী কামরুল হাসান জানান, ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিনে আমরা সেইসব শ্রমিকদের স্মরণ করি, যারা একসময় রাস্তায় নেমে নিজেদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছিলেন। কিন্তু এতদিন পরেও লক্ষ লক্ষ শ্রমিক আজও দিনরাত কঠোর পরিশ্রম করেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। প্রতিদিন ভোরে ঘুম ভাঙে তাদের, সূর্য ওঠার আগেই তারা ছুটে যান কাজে। সারাদিনের কঠোর খাটুনি শেষে ঘরে ফেরেন ক্লান্ত দেহ আর নিঃশ্বাসে চাপা দীর্ঘশ্বাস নিয়ে। গরম, বৃষ্টি, ঠাণ্ডা কোনো কিছুই তাদের থামাতে পারে না। অথচ মাসশেষে যে সামান্য মজুরি হাতে পান তা দিয়ে সংসার চালানোই কষ্টকর। তাদের না আছে কোনো নিরাপত্তা না আছে বিশ্রামের নিশ্চয়তা। অথচ তাদের ঘামে গড়ে ওঠে আমাদের শহর আমাদের ভবিষ্যৎ। মে দিবস আমাদের শুধু অতীত মনে করিয়ে দেয় না বরং একটি প্রশ্ন তোলে—আজও কেন শ্রমিকেরা অবহেলিত? কেন তাঁদের প্রাপ্য সম্মান, মজুরি ও সুরক্ষা দেওয়া হয় না? আজকের দিনে শুধু ফুল বা পোস্টারে নয়, বাস্তব সম্মানে ও ন্যায্যতায় তাদের প্রাপ্য স্বীকৃতি দেওয়া হোক—এই হোক মে দিবসের অঙ্গীকার।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শান্ত ফরাজি বলেন, ১লা মে বিশ্বজুড়ে “আন্তর্জাতিক শ্রমিক দিবস” বা “মে দিবস” হিসেবে পালিত হয়। এটি কেবল একটি দিন নয় বরং এটি শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা এবং ন্যায্যতা অর্জনের সংগ্রামের ইতিহাস বহন করে। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামে, যা পরবর্তীতে রক্তক্ষয়ী রূপ নেয় এবং অনেক শ্রমিক জীবন উৎসর্গ করেন। এই আত্মত্যাগের ফলেই আজকের আধুনিক শ্রম আইন ও কর্মঘণ্টার ধারণা প্রতিষ্ঠিত হয়েছে। মে দিবস আমাদের শেখায় শ্রমই উন্নয়নের মূল চালিকাশক্তি। আজকের দিনে আমরা শ্রমিকদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করি।
কায়েস শেখ, ডিআইইউ প্রতিনিধিঃ 





















