ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা দিয়েছে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীর সংকট। উপজেলার ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০০টিতেই নেই নিয়মিত প্রধান শিক্ষক। এসব বিদ্যালয় চলছে চলতি দায়িত্বপ্রাপ্ত ও ভারপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে। পাশাপাশি সহকারী শিক্ষক ও নৈশপ্রহরী কাম দপ্তরির পদ শূন্য থাকায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিনে মোট ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নিয়মিত প্রধান শিক্ষক রয়েছেন মাত্র ৫৬টিতে। বাকি ১০০টি বিদ্যালয়ের মধ্যে ২৪টিতে চলতি দায়িত্বে এবং ৭৬টিতে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকরা। ফলে শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কাজও সামলাতে হচ্ছে তাঁদের। এতে শিক্ষকদের ওপর বাড়তি দায়িত্বের চাপ তৈরি হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান, উপস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষার মান তদারকিতেও তৈরি হচ্ছে নানা প্রতিবন্ধকতা।
শুধু প্রধান শিক্ষক নয়, সহকারী শিক্ষকের সংকটও দীর্ঘদিনের। উপজেলায় সহকারী শিক্ষকের অনুমোদিত ৮৫৪টি পদের বিপরীতে কর্মরত ছিলেন ৭২৮ জন। এতে শূন্য ছিল ১২৬টি পদ। তবে সম্প্রতি নতুন নিয়োগ পাওয়া ৩৭ জন সহকারী শিক্ষক শূন্য পদে যোগদান করেছেন বলে জানা গেছে। তাঁদের যোগদানের পরও শিক্ষক সংকট পুরোপুরি কাটেনি।
অন্যদিকে, উপজেলার ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে নৈশপ্রহরী কাম দপ্তরি পদে কর্মরত রয়েছেন মাত্র ৬১ জন। শূন্য রয়েছে আরও ৯৫টি পদ। ফলে অনেক বিদ্যালয়ে নিরাপত্তা ও দাপ্তরিক সহায়ক কার্যক্রম পরিচালনায়ও সমস্যা দেখা দিচ্ছে।
শিক্ষক সংকটের বাস্তব চিত্র তুলে ধরে চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহিদ তালুকদার বলেন, ‘আমাদের বিদ্যালয়ে ছয়জন শিক্ষকের বিপরীতে কর্মরত আছেন মাত্র চারজন। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় চরম বিঘ্ন ঘটছে। শিক্ষক স্বল্পতার কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ধরে রাখাই এখন কঠিন হয়ে পড়েছে।’
এদিকে, প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন শূন্য থাকা এবং পদোন্নতি না পাওয়ায় শিক্ষকদের মধ্যেও হতাশা তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা সমিতির বোরহানউদ্দিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। তাঁর মতে, বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত পাঠদান করতে গিয়ে ভারপ্রাপ্ত ও চলতি দায়িত্বে থাকা শিক্ষকদের অতিরিক্ত চাপ সামলাতে হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, একটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় প্রধান শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অধিকাংশ বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক তদারকি ও শিক্ষার গুণগত মান বজায় রাখা চ্যালেঞ্জের মুখে পড়ছে। একই সঙ্গে পর্যাপ্ত সহকারী শিক্ষক ও কর্মচারী না থাকায় শিক্ষার্থীরা প্রত্যাশিত শিক্ষাসেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ অবস্থায় শিক্ষার পরিবেশ ও মান বজায় রাখতে দ্রুত শূন্য পদে নিয়মিত প্রধান শিক্ষক নিয়োগ, পদোন্নতির জটিলতা নিরসন, সহকারী শিক্ষক নিয়োগ এবং নৈশপ্রহরী কাম দপ্তরি পদ পূরণের দাবি জানিয়েছেন শিক্ষক ও সচেতন মহল। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে বোরহানউদ্দিনের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনা সম্ভব হবে।
রিয়াজ ফরাজী (ভোলা) বোরহানউদ্দিন 



















