বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইমাম ও তাঁর স্ত্রী তানিয়া ফেরদৌসীর নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় ১৫ কোটি টাকার সম্পদের তথ্য উঠে এসেছে অনুসন্ধানে। ২০২৩ সালে সরকারি চাকরি থেকে অবসর নেওয়া হাসান ইমামের বিরুদ্ধে কর্মজীবনে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। তাঁর স্ত্রী তানিয়া ফেরদৌসীর নামে রাজধানীর ধানমন্ডি ও মিরপুরে তিনটি ফ্ল্যাট, দক্ষিণখানে একটি প্লট এবং ফরিদপুরে প্রায় ১৪০ শতক জমির তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া কুমিল্লার মুরাদনগরে ১০০ শতক জমি ও কুমিল্লা সদর এলাকায় আরও বিপুল পরিমাণ সম্পদের তথ্য উঠে এসেছে। সরকারি চাকরির আয় এবং পরিবারের নামে অর্জিত এসব সম্পদের অর্থের উৎস নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, হাসান ইমামের স্ত্রী তানিয়া ফেরদৌসীর নামে রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে দুটি এবং মিরপুরে একটি আবাসিক ফ্ল্যাট রয়েছে। ধানমন্ডির একটি ফ্ল্যাটে বর্তমানে হাসান ইমাম বসবাস করেন, যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।
রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি এলাকায় এসব ফ্ল্যাটের পাশাপাশি দক্ষিণখান এলাকায় তানিয়া ফেরদৌসীর নামে রয়েছে ৬ দশমিক ৬ শতক আয়তনের একটি প্লট। শুধু রাজধানীতেই সীমাবদ্ধ নয় তাঁদের সম্পদের বিস্তৃতি।
ফরিদপুরে তানিয়া ফেরদৌসীর নামে প্রায় ১৪০ শতক জমির সন্ধান পাওয়া গেছে, যা কিনতে ব্যয় হয়েছে প্রায় তিন কোটি টাকা। এ ছাড়া কুমিল্লার মুরাদনগরে ১০০ শতক জমি এবং কুমিল্লা সদর এলাকায় আরও বিপুল পরিমাণ স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।
দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এসব সম্পদের মোট মূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে অনুসন্ধানে উঠে এসেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে দীর্ঘদিন চাকরি করেছেন হাসান ইমাম। সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে।
চাকরিজীবনে একজন সরকারি কর্মকর্তা হিসেবে তাঁর আয় এবং পরিবারের নামে অর্জিত বিপুল পরিমাণ স্থাবর সম্পদের মধ্যে সামঞ্জস্য নেই বলে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও তাঁর স্ত্রী তানিয়া ফেরদৌসীর নামে পাওয়া প্রায় ১৫ কোটি টাকার সম্পদের তথ্য সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়টিকে সামনে এনেছে।
চাকরিকালীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগের সঙ্গে এসব সম্পদ অর্জনের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নির্ধারণের পাশাপাশি তাঁদের বৈধ আয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য যাচাই করা জরুরি। সংশ্লিষ্ট নথি ও আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ তদন্তেই স্পষ্ট হবে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের প্রকৃত উৎস।
এসব সম্পদ ও চাকরিকালীন দুর্নীতি-অনিয়মের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হাসান ইমামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক 




















