মানিকগঞ্জের হরিরামপুরে দর্জি হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্তকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বুলবুল আহমেদ গোলাপ জানান, ২০১৬ সালের করা মামলায় প্রায় ৯ বছর পর এ রায়ে ন্যায় বিচার হয়েছে।
মৃত্যুদণ্ড প্রাপ্ত মো. পারভেজ হোসেন ওরফে সুমন শেখ ও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আলিম শিবালয় উপজেলার দক্ষিণখানপুর গ্রামের বাসিন্দা।
আদালত সূত্র জানা গেছে, ২০১৬ সালের ২ নভেম্বর রাতে কাজ শেষ করে মাচাইন বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন বিল্লাল। পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে পারভেজ, আলিমসহ আরও কয়েকজন। হত্যার পর বিল্লালের মরদেহ ইছামতি নদীতে ফেলে দেয় তারা। এ ঘটনায় নিহতের স্ত্রী আফরোজা বেগম হরিরামপুর থানায় একটি হত্যা মামলা করেন। পরে হরিরামপুর থানার তৎকালীন পুলিশ পরিদর্শক আশিষ কুমার স্যানাল মামলার তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ ৮ বছর পর এ রায় ঘোষণা করা হয়।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 





















