গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পটুয়াখালীর বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত সোলায়মান হাওলাদার ওরফে বান্টি একজন পুরাতন মাদক কারবারি, যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজলের প্রদানকৃত জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি মতে, গত ২৮ এপ্রিল ২০২৫ খ্রিঃ, বিকাল ৫টা ১০ মিনিটে পটুয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কালিকাপুর, জেলখানার দক্ষিণ পাশে, মাদবর বাড়ী গণকবর সংলগ্ন পাকা রাস্তার ওপর জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালায়। অভিযানে মোঃ সোলায়মান হাওলাদার ওরফে সোলায়মান বান্টি (৪০) নামে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ আব্দুল মোন্নাফ। তল্লাশিকালে বান্টির পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে দুটি নীল রঙের বায়ুরোধক পলিপ্যাকে সংরক্ষিত ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে ইয়াবাগুলো জব্দ করা হয় এবং সোলায়মানকে হেফাজতে নেওয়া হয়।
আটককৃত ব্যক্তি পটুয়াখালী পৌরসভার টাউন কালিকাপুর, গোরস্থান রোড এলাকার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে বরগুনার আমতলী থানার ২ নম্বর ওয়ার্ডে বকুল নেসা মহিলা কলেজ রোডে বসবাস করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান হাওলাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই ঘটনায় এসআই মোঃ আব্দুল মোন্নাফ বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং- ৫২/২৫, জিআর নং- ২২৯ (পটুয়াঃ), তারিখঃ ২৮-০৪-২০২৫ খ্রিঃ। মামলা দায়ের করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক) ধারায়।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত সোলায়মান হাওলাদার ওরফে বান্টি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় কেউ সহায়তাকারী বা সহযোগী ছিল কিনা, সে বিষয়ে তদন্ত চলছে। যে বা যারাই জড়িত থাকুক না কেন, তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল।
মোঃ মামুন হোসাইন, স্টাফ রিপোর্টার 






















