নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের অভিযানে অটোভ্যান ছিনতাইকারী চক্রের এক সদস্যকে ছিনতাই হওয়া ভ্যানসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হৃদয় হোসেন (২০) উপজেলার ইসলামগাঁথী গ্রামের মোহাম্মদ রাহান সরদারের ছেলে বলে জানা গেছে।
ঘটনা সূত্রে জানা গেছে, রোববার (২২ নভেম্বর) অটোভ্যানচালক উপজেলার মহাদীঘি গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. মেহেদী হাসান মোস্তাক (২৪) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে আহসানগঞ্জ রেলস্টেশনে দুই অজ্ঞাতনামা ব্যক্তিকে ১২০ টাকা ভাড়ায় ভোঁপাড়া বাজারে যাওয়ার চুক্তিতে নিয়ে যান।
সেখানে দুই-তিন মিনিট অপেক্ষা করে ওই যাত্রীদের নিয়ে পুনরায় আত্রাইয়ে ফিরে আসার সময় উপজেলার কাঁশিয়াবাড়ী ঈদগাহ মাঠের পাকা রাস্তার ওপর পৌঁছামাত্র অজ্ঞাতনামা যাত্রীদের একজন পেছন থেকে লোহার রড দিয়ে চালক মেহেদীর মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন। অপরজনও তাঁকে হাতে আঘাত করলে ভ্যানচালক মাটিতে পড়ে যান।
এ সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা ভ্যানটি ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলেন। এমন সময় পথচারী মোটরসাইকেল আরোহীরা ঘটনাটি দেখতে পেয়ে টহলরত পুলিশকে খবর দেন। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিনতাই হওয়া ভ্যানসহ একজনকে গ্রেপ্তার করে। তবে অপরজন পালিয়ে যান।
এ ঘটনায় আত্রাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে আত্রাই থানা পুলিশ। পুলিশ আরও জানায়, অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 




















