কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের কোনো প্রভাব পড়েনি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কসহ উপজেলার বিভিন্ন সড়কে স্বাভাবিক রয়েছে যানবাহন চলাচল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। স্বাভাবিক রয়েছে ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমও।
সকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় যানবাহন এবং মানুষের স্বাভাবিক উপস্থিতি লক্ষ্য করা গেছে। মহাসড়কে কোথাও অবরোধ কিংবা যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির খবর পাওয়া যায়নি। বৃষ্টির মধ্যেও কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও যাত্রীরা প্রতিদিনের মতো নিজ নিজ গন্তব্যে যাতায়াত করছেন।
এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আজম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন জনগণ প্রত্যাখ্যান করেছে। বোরহানউদ্দিনের মানুষ কোনো ধরনের অস্থিতিশীলতা, নৈরাজ্য কিংবা বিশৃঙ্খলা চায় না। সাধারণ মানুষ স্বাভাবিকভাবে তাদের দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করছে। জনগণের জানমাল ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত রাখতে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এদিকে, উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জানান, ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে যাতে সাধারণ মানুষের চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
তারা বলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের দিকনির্দেশনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে রয়েছেন। সাধারণ মানুষের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা কাজ করছেন। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করতে তারা প্রস্তুত রয়েছেন বলেও জানান নেতারা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘোষিত লকডাউন ঘিরে জনমনে কিছুটা উদ্বেগ থাকলেও বোরহানউদ্দিনে সড়ক যোগাযোগ ও দৈনন্দিন কার্যক্রমে এর কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি। যানবাহন চলাচল স্বাভাবিক থাকায় যাত্রী ও সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করছেন।
সব মিলিয়ে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই বোরহানউদ্দিনে স্বাভাবিক রয়েছে জনজীবন। তবে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছেন স্থানীয়রা।
রিয়াজ ফরাজী (ভোলা) বোরহানউদ্দিন 





















