সিলেট মহানগরীর উপশহর এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও এক কর্মকর্তার ব্যবহৃত একটি গাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
রোববার (১৫ নভেম্বর) ভোররাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ পৌঁছানোর আগেই ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
নাশকতামূলক আগুনের বিষয়টি নিশ্চিত করে গ্রামীণ ব্যাংক সিলেট আঞ্চলিক শাখার ম্যানেজার মো. আবুল হোসেন জানান, শাহজালাল উপশহরের এইচ ব্লকের ১ নম্বর রোডের ২৩২/১ নম্বর বাড়িতে অবস্থিত গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক শাখা কার্যালয়ে রাত পৌনে ৩টার দিকে কে বা কারা পলিথিনের প্যাকেটে তরলজাতীয় জ্বালানি দিয়ে আগুন দেয়। প্রথমে উত্তর দিকে, পরে পূর্ব দিকেও আগুন দেওয়া হয়। এরপর গ্যারেজে আঞ্চলিক ম্যানেজারের গাড়িতেও আগুন দেওয়া হয়। এ ঘটনায় সকালে শাহপরাণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আশপাশের কয়েকটি সিসিটিভির ভিডিও সংগ্রহ করেছে পুলিশ।
তিনি জানান, ব্যাংকের একজন পিয়ন বিষয়টি দেখতে পেয়ে সবাইকে জানালে ফায়ার সার্ভিস ও শাহপরাণ থানায় খবর দেওয়া হয়। তবে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় কয়েকজনের সহায়তায় আগুন নেভানো সম্ভব হয়েছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি জানান, সঠিক তথ্য এখনই বলা সম্ভব হচ্ছে না। অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে লাখখানেক টাকার ক্ষতি হতে পারে বলে তাঁর ধারণা।
এ বিষয়ে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমদ জানান, জিডি দায়ের হয়েছে। তাঁরা তদন্ত শুরু করেছেন।
এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস সিলেট সদরের লিডার ক্ষিতিশ কুমার দাস জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন, ব্যাংক কর্তৃপক্ষ নিজেরাই আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
আজিজ খান-স্টাফ রিপোর্টার 





















