সরকারি গবেষণা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন পদে আসীন থেকে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, প্রকল্পের অর্থ লোপাট ও নৈতিক স্খলনের মতো গুরুতর সব অভিযোগে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (গ্রেড-৬) ড. মোহাম্মদ খায়রুল বাশার। সম্প্রতি ‘সচেতন সাভারবাসী’র ব্যানারে প্রকাশিত একটি তথ্যচিত্র ও পোস্টারের মাধ্যমে এসব চাঞ্চল্যকর তথ্য জনসমক্ষে আসার পর থেকেই প্রতিষ্ঠানটির ভেতরে-বাইরে তোলপাড় শুরু হয়েছে এবং সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ দানা বেঁধেছে।
অনুসন্ধান ও প্রাপ্ত নথিপত্রের তথ্যে দেখা যায়, ড. খায়রুল বাশারের কর্মজীবনের শুরুটাই হয়েছিল মেধা ও যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক প্রভাব এবং আর্থিক লেনদেনের মাধ্যমে। ছাত্রজীবনে প্রথমে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত থাকলেও ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে ভোল পাল্টে তিনি ছাত্রলীগে যোগ দেন। এই রাজনৈতিক ডিগবাজিকে পুঁজি করে এবং জামালপুরের সাবেক সংসদ সদস্য মির্জা আজমের বিশেষ অনুকম্পায় বড় অঙ্কের ঘুষের বিনিময়ে প্রয়োজনীয় যোগ্যতা ছাড়াই বিএলআরআই-এ নিয়োগ বাগিয়ে নেন তিনি। সময়ের সাথে সাথে ক্ষমতার পালাবদলে নিজের খোলস বদলানোর এই প্রবণতা এখনো অব্যাহত রেখেছেন তিনি; বর্তমানে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজেকে এনসিপি (NCP)-র সমর্থক হিসেবে জাহির করে নিজের চেয়ার ও প্রভাব ধরে রাখার মরিয়া চেষ্টা চালাচ্ছেন এই কর্মকর্তা।
চাকরিতে যোগদানের পর বিগত সরকারের আমলে বিএলআরআই-এর সাবেক মহাপরিচালক ড. খান শহিদুল হকের ছত্রছায়ায় থেকে বেপরোয়া দুর্নীতিতে জড়িয়ে পড়েন খায়রুল বাশার। সরকারি প্রকল্পের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে ২০২৫ সালে তিনি প্রায় অর্ধ-কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল ব্যক্তিগত গাড়ি ক্রয় করেন। একজন সরকারি স্কেলের সীমিত বেতনের কর্মকর্তা হয়েও রাজধানী ঢাকা শহরে একাধিক বিলাসবহুল ফ্ল্যাটের মালিক বনে গেছেন তিনি, যা তার বৈধ আয়ের সাথে পুরোপুরি অসঙ্গতিপূর্ণ এবং সাধারণ সহকর্মীদের কাছে রীতিমতো বিস্ময়কর।
আর্থিক দুর্নীতির পাশাপাশি কর্মক্ষেত্রে তার নৈতিক স্খলন ও আচরণগত বর্বরতার অভিযোগও অত্যন্ত ভয়াবহ। প্রকাশিত তথ্যচিত্র ও অভিযোগ সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের অধস্তন নারী কর্মী ও সহকর্মীদের নানাভাবে যৌন হয়রানি করে আসছেন। শুধু হয়রানিই নয়, প্রাতিষ্ঠানিক বিরোধ ও নিজস্ব হীন স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এক নারী কর্মীকে সরাসরি জুতা দিয়ে প্রহার করার মতো চরম ন্যক্কারজনক ও অমানবিক ঘটনাও ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে, যা একটি গবেষণা প্রতিষ্ঠানের পরিবেশকে চরমভাবে কলুষিত করেছে।
শুধু প্রশাসন ও আর্থিক খাতই নয়, একজন বিজ্ঞানী হিসেবে তার শিক্ষাগত ও গবেষণাগত যোগ্যতা নিয়েও বড় ধরনের জালিয়াতির প্রমাণ মিলেছে। সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের প্রভাব খাটিয়ে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) অর্থায়নে একটি ভুয়া পিএইচডি ডিগ্রি হাসিল করেন বলে অভিযোগ রয়েছে। এই পিএইচডি কার্যক্রমের আড়ালে তিনি চরম অনিয়মের আশ্রয় নিয়ে দেশি এবং বিদেশি—উভয় উৎস থেকেই তহবিল উত্তোলন করে অর্থ আত্মসাৎ করেছেন। এমনকি পিএইচডি গবেষণার নামে বিদেশে অবস্থানকালে অতিরিক্ত অর্থের লোভে জার্মানির রাস্তায় কাগজ বিক্রির মতো কর্মকাণ্ডেও তিনি জড়িত ছিলেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, যা দেশের বৈজ্ঞানিক সমাজের জন্য চরম লজ্জাজনক।
নিজস্ব প্রতিবেদক 























