১৯৯২ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে ৩৭ নম্বর আইন পাসের মধ্য দিয়ে যাত্রা শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয়। গাজীপুরের বোর্ডবাজারে মূল ক্যাম্পাস স্থাপনের পর দেশের প্রতিটি কলেজকে একটি একক ছাতার নিচে আনাই ছিল এর লক্ষ্য। ৩৪ বছর পর আজ সেই বিশ্ববিদ্যালয়ই দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশের নিয়ন্ত্রক। সর্বশেষ তথ্য অনুযায়ী, এর অধীনে ২ হাজার ৩১৮টি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে।
এত বড় কর্মযজ্ঞ সামাল দিতে ২০১১ সালে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়। শিক্ষক-শিক্ষার্থীদের গাজীপুরে যাওয়ার ভোগান্তি কমাতে বিভাগীয় সদরে আঞ্চলিক কেন্দ্র স্থাপন শুরু হয়। প্রথম দফায় রংপুরসহ সাতটি কেন্দ্র চালু হয়। এরপর থেকে ভর্তি, পরীক্ষার খাতা মূল্যায়ন, প্রশ্নপত্র বিতরণ ও ফল প্রকাশের মতো কাজগুলো আঞ্চলিক কেন্দ্র থেকেই পরিচালিত হচ্ছে।
কিন্তু বিকেন্দ্রীকরণের সেই উদ্দেশ্য নিয়েই এখন নতুন করে আলোচনা তৈরি হয়েছে রংপুর বিভাগে।
বিরামপুর পরিদর্শন ও প্রস্তাবনা:
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মোহাম্মদ খাইরুল ইসলাম মন্ডল ২০২৬ সালের ১৯ অক্টোবর দিনাজপুরের বিরামপুর সফর করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহও এলাকাটি পরিদর্শন করেন। তাঁরা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কসংলগ্ন দুর্গাপুর ঢিবি এলাকাসহ কয়েকটি স্থান ঘুরে দেখেন। এ সময় বিরামপুর উপজেলা প্রশাসন তাঁদের সহযোগিতা করে।
বিশ্ববিদ্যালয় সূত্রের ভাষ্য অনুযায়ী, বিরামপুরে স্থাপনা হলে আট জেলার শিক্ষক-শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও প্রশাসনিক কাজে সুবিধা হবে বলে প্রাথমিকভাবে আলোচনা রয়েছে। তবে এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
কেন আপত্তি উঠছে:
রংপুর বিভাগে আটটি জেলা, ৫৮টি উপজেলা ও প্রায় পৌনে দুই কোটি মানুষের বসবাস। শিক্ষক ও শিক্ষার্থীদের একটি অংশের যুক্তি, বিরামপুর রংপুর বিভাগের দক্ষিণ-পশ্চিম সীমান্তে অবস্থিত। কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে বিরামপুরে সরাসরি বাস বা ট্রেন যোগাযোগ সীমিত। শিক্ষা বোর্ড দিনাজপুরে হওয়ায় ইতিমধ্যে এসব জেলার মানুষকে রংপুর হয়ে দিনাজপুর যেতে হয়।
অন্যদিকে, রংপুর বিভাগীয় শহরটি আট জেলার মধ্যবিন্দুতে অবস্থিত এবং সড়ক ও রেলপথে সরাসরি যুক্ত। বর্তমানে রংপুর আঞ্চলিক কেন্দ্রে গিয়ে দিনের কাজ দিনে শেষ করে ফেরা সম্ভব হয় বলে অনেক শিক্ষক মনে করেন।
এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য:
পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন, জাতীয় বিশ্ববিদ্যালয়:
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে পরিচালক খাইরুল ইসলাম মন্ডল বলেন, “দশতলা আঞ্চলিক কেন্দ্র তো রংপুরে আছেই। ক্যাম্পাস তো ওই রকম না, সবই আঞ্চলিক কেন্দ্রেই হবে। এখানে হয়তো ফ্যাকাল্টি কিছু বেশি হবে। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত নেবেন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আপাতত আঞ্চলিক কেন্দ্রই ধরে রাখেন, এটা কোনো ইস্যু না। চূড়ান্ত হলে আপনাদের আমরা জানিয়ে দেব। এখনই নিউজ করার মতো কিছু হয়নি।”
জেলা প্রশাসক, রংপুর:
এ বিষয়ে রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানের সঙ্গে সাক্ষাতে কথা হলে তিনি বলেন, “আমি এসেছি তিন মাস হলো। এর মধ্যে এ ধরনের কোনো বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। আর আমরা সরকারিভাবে কোনো কাগজপত্র বা প্রজ্ঞাপনও পাইনি। এ বিষয়ে আমার সঠিক কোনো মন্তব্য নেই। সরকার যেটা ভালো মনে করবেন, সেটাই হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিরামপুর:
এ বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা খাতুন মুঠোফোনে বলেন, “ক্যাম্পাস করার বিষয়টা সম্পূর্ণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার। তাঁরা সুপারিশ করেছেন। আমাদের দায়িত্ব শুধু জায়গা খুঁজে দেওয়ার জন্য, আমরা জায়গা খুঁজে দিয়েছি। ডিসিশন মেকার তো আমরা না।”
জায়গার পরিমাণ ও যোগাযোগব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “দিনাজপুর থেকে ফুলবাড়ী, বিরামপুর, ঘোড়াঘাট সড়কটি একদম মেইন রাস্তার ওপরেই। এখানে জমি আছে, ফরেস্টের জায়গা আছে। ওনারা চেয়েছেন ৩ একর।”
শিক্ষক প্রতিনিধি:
এ বিষয়ে কারমাইকেল কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মশিউর রহমান খান বলেন, “রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, বেগম রোকেয়া কলেজ, লালমনিরহাট সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ, গাইবান্ধা সরকারি কলেজ, পঞ্চগড় ও ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে রংপুর আঞ্চলিক কেন্দ্রে যাতায়াত ও অর্থনৈতিক খরচ সহজসাধ্য হয়। আমরা যারা শিক্ষক আছি, খাতা পাই, প্রশ্ন করি, আঞ্চলিক কার্যালয়ের সঙ্গে আমাদের সব সময় যোগাযোগ থাকে। সেই ক্ষেত্রে রংপুরের আঞ্চলিক কার্যালয়টির কার্যক্রম চালু থাকলে পার্শ্ববর্তী জেলাগুলোর সরকারি-বেসরকারি শিক্ষকদের জন্য যাতায়াতের সময় ও অর্থনৈতিক খরচ সাশ্রয় হবে। আমি মনে করি, বিভাগীয় শহর হিসেবে রংপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসটি রংপুর সদরে হওয়া উচিত।”
সুশীল সমাজের মত:
রংপুরের ন্যায্য হিস্যা আন্দোলনের প্ল্যাটফর্ম ‘সম্মিলিত ছাত্র-জনতা’র মুখপাত্র আহসান উল হক তুহিন বলেন, “দেশের সব বিভাগীয় প্রতিষ্ঠান বিভাগীয় সদরে হয়। আঞ্চলিক ক্যাম্পাস রংপুরে হলে আর্থিক সাশ্রয় হবে, সময় বাঁচবে, প্রায় ২ কোটি মানুষ উপকৃত হবে।”
বিশ্লেষকদের মতে, নতুন করে পাঁচটি আঞ্চলিক কেন্দ্র চালুর পরিকল্পনার মতো রংপুরের ক্যাম্পাসটি কোথায় হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব অংশীজনের মতামত ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনা করা জরুরি।
মো. রাকিবুল হাসান পরাগ-স্টাফ রিপোর্টার 
























