ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘দিগন্ত’ বাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর ‘পেট্রোলবোমা’ নিক্ষেপ এবং দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ‘নাশকতা ও নৈরাজ্যের’ অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির নেতৃত্বে মিছিলে অংশ নেন কুষ্টিয়া জেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসাইনসহ বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বিক্ষোভকারীদের ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’; ‘লীগ পাবে যেখানে, ধোলাই হবে সেখানে’; ‘আপা আপা করিস না, আপা আর ফিরবে না’; ‘দফা এক, দাবি এক, আওয়ামী লীগ নিষিদ্ধ কর’; ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’; ‘খুনি লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’; ‘ফ্যাসিবাদের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’; ‘ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’—ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসাইন বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ১৭ বছর ধরে এ দেশের মানুষের অধিকার হরণ করে রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন। কিন্তু সাধারণ জনগণের সম্মিলিত প্রতিবাদের মুখে তাঁকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। বর্তমানে একটি চক্র নয়াদিল্লিতে বসে দেশে নৈরাজ্য ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। অথচ বর্তমান সরকার জনগণের অধিকার বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বিএনপি সরকার ক্ষমতায় থাকলে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য চলতে পারত না। বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরাচার কিংবা আধিপত্যবাদের স্থান হবে না। এ দেশের মানুষ এখন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন। তাই সরকারকে সংবিধান অনুযায়ী জনগণের অধিকার নিশ্চিত করতে হবে এবং অপকর্মে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সম্ভাব্য নৈরাজ্য প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, ইবির সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী সংগঠন। এ দেশে তাদের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চালিয়েছে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের অধিকার হরণ করেছে।
তিনি আরও বলেন, বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে ফ্যাসিবাদের দোসরদের পদায়ন করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এসব ঘটনার মাধ্যমে সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠছে। যারা ফ্যাসিবাদের সঙ্গে জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। সরকার যদি তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে এর দায়ভার জনগণের ওপর ছেড়ে দিতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রদলসহ সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী ‘দিগন্ত’ নামের ডাবল ডেকার বাসটি ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। বাসের সামনের অংশে থাকা কয়েকজন নারী শিক্ষার্থী আগুন বলে চিৎকার করেন। পরে তাঁরা বাসের নিচে ইঞ্জিনের পাশের অংশে আগুন দেখতে পান। এ সময় চালক দ্রুত বাসের গতি বাড়িয়ে ঘটনাস্থল অতিক্রম করেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
আবদুল্লাহ রহমান-ইবি প্রতিনিধি 






















