ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী ঝিনাইদহগামী ‘দিগন্ত’ বাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পেট্রোল বোমা নিক্ষেপ, দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি ডায়না চত্বর ও বটতলার মধ্যবর্তী স্থানে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্যসচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
এ সময় বিক্ষোভকারীদের ‘একটা করে লীগ ধর, ধইরা ধইরা ধোলাই কর’; ‘শেখ হাসিনার আস্থানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘এখন আছে হিন্দুস্তান, ঠিকানা হবে গোরস্তান’; ‘ছাত্রলীগের আস্থানা, এই ক্যাম্পাসে হবে’; ‘আপা আপা করিস না, শেখের বেটি আসবে না’; ‘লীগ পাবে যেখানে, ধোলাই হবে সেখানে’—ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, শাখা ছাত্রদল দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। সারা দেশে ছাত্রলীগ ধর্মঘটের নামে যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে, যানবাহনে বোমাবাজি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, আজকের বিক্ষোভ মিছিল তারই কঠোর প্রতিবাদ।
তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের বহনকারী বাসে বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। আওয়ামী লীগের অপশক্তিকে রুখে দিতে ছাত্রদল গতকাল সারাদিন ক্যাম্পাসে অবস্থান নিয়েছিল এবং ভবিষ্যতেও তা প্রতিহত করতে রাজপথে প্রস্তুত থাকবে। আমরা ইবি ক্যাম্পাসসহ সমগ্র বাংলাদেশে ছাত্রলীগ, আওয়ামী লীগ বা কোনো ফ্যাসিস্ট শক্তির আধিপত্য প্রতিষ্ঠা হতে দেব না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারই হবে প্রকৃত জনগণের সরকার। জনগণকে সঙ্গে নিয়েই আওয়ামী লীগ ও তাদের দোসরদের প্রতিহত করে রাজপথ মুক্ত রাখা হবে।
আবদুল্লাহ রহমান-ইবি প্রতিনিধি 























