জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নিয়োগ পরীক্ষায় ১০ লাখ টাকার চুক্তিতে ‘প্রক্সি’ বা ভাড়ায় অন্যের পরীক্ষা দেওয়ানোর মাধ্যমে সরকারি চাকরি বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কক্সবাজারের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত মোজাহিদুল ইসলাম মাসুম বর্তমানে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কক্সবাজারে ‘অফিস সহায়ক’ পদে কর্মরত।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বিএমইটি ২০২৩ সালের ৯ মে বিভিন্ন ক্যাটাগরিতে ৩১১টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর মধ্যে অফিস সহায়ক (গ্রেড-২০) পদে ১২৪ জনকে নিয়োগের কথা বলা হয়।
এই নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র ধরে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের রহমতের বিল এলাকার জহুর আলমের ছেলে মোজাহিদুল ইসলাম মাসুম আবেদন করেন। তাঁর রোল নম্বর ছিল ১৭০২২৮৪২। ২০২৩ সালের ৬ অক্টোবর রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজ কেন্দ্রে লিখিত পরীক্ষা এবং ৮ ডিসেম্বর কাকরাইলে বিএমইটি সদর দপ্তরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের ১০ জানুয়ারি প্রকাশিত চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের তালিকায় ৫৫ নম্বর ক্রমিকে স্থান পান তিনি।
তবে অনুসন্ধানে জানা গেছে, ঢাকা কমার্স কলেজের লিখিত পরীক্ষা কিংবা সদর দপ্তরের মৌখিক পরীক্ষার বোর্ডে মাসুম নিজে উপস্থিত ছিলেন না। চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের একটি সংঘবদ্ধ ‘প্রক্সি সিন্ডিকেটের’ মাধ্যমে ১০ লাখ টাকার চুক্তিতে দেশের প্রথম সারির এক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাঁর হয়ে পরীক্ষা দেন।
নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী, জালিয়াতি বা ভুয়া তথ্যের প্রমাণ পেলে প্রার্থিতা বাতিলের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা স্পষ্ট উল্লেখ ছিল। এরপরও ভাইভা বোর্ডে হাতের লেখার মিল বা প্রার্থীর পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্টদের নজরদারি এড়িয়ে তিনি কীভাবে চূড়ান্ত নিয়োগ পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তৎকালীন সময়ে নিয়োগের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি ছিলেন বিএমইটির সাবেক অতিরিক্ত মহাপরিচালক (কর্মসংস্থান) আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশা (বর্তমানে এনআইডি মহাপরিচালক)। চূড়ান্ত ফলাফল প্রকাশের সময় এই দায়িত্বে আসেন আ স ম আশরাফুল ইসলাম। উভয় কর্মকর্তার সঙ্গে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কোনো মন্তব্য করেননি।
কমিটির সদস্যসচিব ও বিএমইটির তৎকালীন উপপরিচালক মো. রেজওয়ানুল হক চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এই নিয়োগ অনেক আগে হয়েছে। কাগজপত্র না দেখে কিছু বলা যাচ্ছে না। তাছাড়া অফিসপ্রধানের অনুমতি ছাড়া আমি কোনো মন্তব্য করতে পারব না।”
অনুসন্ধানের অংশ হিসেবে কক্সবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে গিয়ে মোজাহিদুল ইসলাম মাসুমের মুখোমুখি হয় প্রতিবেদক। ১০ লাখ টাকার প্রক্সি চুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি অপ্রস্তুত হয়ে পড়েন। শুরুতে আর্থিক অনটনের কথা জানালেও পরে দাবি করেন, “আমি সম্পূর্ণ স্বচ্ছ আছি, সঠিকভাবে চাকরি নিয়েছি।” তবে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তিনি এক ব্যক্তির সঙ্গে প্রতিবেদককে মুঠোফোনে কথা বলিয়ে দেন, যিনি প্রতিবেদককে নানাভাবে হুমকি দেন।
এ বিষয়ে কক্সবাজার অফিসের সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরী বিস্ময় প্রকাশ করে বলেন, “নিজের অফিসের একজন স্টাফ এমন জালিয়াতির সঙ্গে জড়িত থাকতে পারে, তা ভাবতেও কষ্ট হচ্ছে। নিয়োগ ও পরীক্ষা পরিচালনা ঢাকার সদর দপ্তরে হয়েছে। ওনারাই এ বিষয়ে ভালো বলতে পারবেন।”
বিএমইটির চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা বলেন, “পুরো নিয়োগ প্রক্রিয়াটি ঢাকা থেকে সম্পন্ন হয়েছে। যেহেতু বিষয়টি আমার নজরে এসেছে, প্রক্সি জালিয়াতি প্রমাণিত হলে বিধি মোতাবেক তাঁকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।”
আইনজীবীরা বলছেন, ছদ্মবেশ ধারণ করে অন্যের পরীক্ষা দেওয়া এবং ভুয়া কাগজের মাধ্যমে চাকরি নেওয়া গুরুতর ফৌজদারি অপরাধ। চট্টগ্রাম জজ কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল ওয়াহেদ হোসাইনী জানান, দণ্ডবিধির ৪১৯, ৪৬৮ ও ৪৭১ ধারা অনুযায়ী এই অপরাধে সর্বোচ্চ ৭ বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। এ ছাড়া সরকারি চাকরি আইন অনুযায়ী জালিয়াতির প্রমাণ পেলে চাকরি বাতিল এবং বেতন-ভাতা বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে।
এই নজিরবিহীন জালিয়াতির নেপথ্যে থাকা সংঘবদ্ধ চক্র, মূল পরিকল্পনাকারী এবং ১০ লাখ টাকার লেনদেন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য নিয়ে আসছে আরও তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন।
নিজস্ব প্রতিবেদক 






















